ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা চোটের কারণে দলের অন্যতম পেসার নাহিদ রানা না থাকলেও তাদের হালকাভাবে নিতে রাজি নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার মতে, নিজেদের মাঠে বাংলাদেশকে সমীহ করে প্রস্তুতি নিতে হবে প্রোটিয়াদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে বাংলাদেশের টেস্ট দলের কয়েকজন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছেন। বাকিদের আজ যাওয়ার কথা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে দুটি টেস্ট খেলবে দুই দল।
২০২২ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরে এই সফরে যাচ্ছে তারা। সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে টাইগারদের।
চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশের অন্যতম সেরা পেসার নাহিদ রানা। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
নাহিদ না থাকলেও বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে সমীহ করছেন বাভুমা। তার মতে, দক্ষিণ আফ্রিকার হাইভেল্ড অঞ্চলের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পান। আর বাংলাদেশের সেই ধরনের বোলারও রয়েছে।
সান স্পোর্টসকে বাভুমা বলেছেন, ‘আমরা যে ভেন্যুগুলোতে খেলব, সেগুলোর কথা ভাবলে বাংলাদেশের জন্য হাইভেল্ড অঞ্চলের উইকেটগুলো পেস বোলিংয়ে সহায়ক হবে। আমার মনে হয়, পেস বোলিংয়ের দিক থেকে তাদের সেই সামর্থ্য ও সম্পদ রয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিনি বলেছেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে আমাদের নিশ্চিত করতে হবে, প্রস্তুতির প্রতিটি জায়গা ঠিকঠাক আছে কিনা। মানসিকভাবেও কোনো কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া যাবে না। এখন বিশ্বজুড়ে তাকালে দেখা যায়, কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। নিজেদের দিনে যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা যেন অপ্রস্তুত অবস্থায় পড়ে না যাই, সেটি নিশ্চিত করতে হবে।’
বাভুমা আরও বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নেব। তবে তাদের হালকাভাবে নিচ্ছি না।’