নারী ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বের করে আনতে চেয়েছিলেন। তাদের ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতি ঘটাতে কঠোর হয়েছিলেন। কিন্তু সেই চেষ্টার মূল্যই তাকে দিতে হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান।
২০২৬ সালের অক্টোবরে এশিয়ান গেমসের পর সারোয়ারের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডেভিড হেম্পকে। সারোয়ারের মেজাজ ও আচরণ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বোর্ড।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়ও সারোয়ারের আচরণ নিয়ে বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন। তার কোচিংয়ের ধরন নিয়ে অস্বস্তির কথাও জানিয়েছিলেন তারা।
এর আগে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়ের পর ড্রেসিংরুমে অস্থিরতা তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন সারোয়ার। এ নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নেয় বিসিবি। তবে বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সেই নোটিশ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড।
২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রধান কোচের দায়িত্বে ছিলেন সারোয়ার। নারী দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার আগে বিসিবি তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) একটি বেসরকারি টিভিকে সারোয়ার বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি একটি চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সফরে আমি যাচ্ছি না, অন্য একজন কোচ যাবেন। বিসিবির সঙ্গে আমার যোগাযোগ বলতে এটুকুই।’
নিজের মেজাজ নিয়ে ওঠা অভিযোগের জবাবও দিয়েছেন সারোয়ার। নারী দলের দায়িত্ব নেওয়ার সময় কোচিং স্টাফের সদস্যদের খেলোয়াড়দের সঙ্গে আচরণে অতিরিক্ত নমনীয়তা দেখেছেন বলে দাবি তার। তার ভাষায়, ‘নারী দলের দায়িত্ব নেওয়ার পর দেখেছি, বোলিং কোচ থেকে শুরু করে স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও সবাই খুব চুপচাপ থাকেন। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা সেটাই মেনে নেন। এই স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে খেলোয়াড়দের উন্নতি সম্ভব নয়। এ কারণেই পাঁচ বছর আগেও আমাদের দল যেমন ছিল, এখনো তেমনই আছে।’
এর ব্যাখ্যায় একটি উদাহরণও দিয়েছেন তিনি, ‘একজন স্পিনার ৩০টি বল করার পর কোচকে বলে, সে আর বোলিং করবে না। কোচও তাতে রাজি হয়ে যান। এক-দুজন ব্যাটার সারা দিন ব্যাটিং করে। এসব দেখার পর আমি হস্তক্ষেপ করতে শুরু করি। তাদের ফিটনেস নিয়েও কাজ করেছি। যখন বকাঝকা করা দরকার হয়েছে, করেছি। আর এটাকেই যদি বদমেজাজ বলা হয়, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব।’
সারোয়ারের দাবি, খেলোয়াড়দের উন্নতি ঘটানোর সামর্থ্য তার ছিল। কিন্তু এক-দুটি সফরে ব্যর্থতার কারণেই সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমি তাদের উন্নতি ঘটাতে পারব। সাত-আটটি সফর করেছি। অথচ এক-দুটি সফরে ব্যর্থ হওয়ার কারণেই সব শেষ হয়ে গেল।’
নিজের মর্যাদা ও পেশাদারত্ব নিয়েও কথা বলেছেন সাবেক এই কোচ। তার বক্তব্য, ‘আমার নিজের একটা আত্মমর্যাদা আছে। আমি জানি, আমি কী করতে পারি। কাউকে দেখানোর জন্য কাজ করি না। আমার কোনো সমস্যা নেই। আমার সম্মান কমে গেছে, এমনটা ভাবারও কারণ নেই। কারণ, আমি জানি আমার কাজ কী। কেউ যদি বলে আমি বদমেজাজি, সেটা ঠিক নয়। জীবনে রাগ হতে পারে, কিন্তু কোচিং করানোর সময় আমি বদমেজাজি নই। আমি পেশাদার এবং জানি কী করতে হবে।’
খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সারোয়ার। তার মতে, কোচের দায়িত্ব পালন করতে হলে খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখা যায় না। তিনি বলেন, ‘একজন কোচ কখনোই খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না। কারণ, আমি যদি খেলোয়াড়ের বন্ধু হই, তাহলে তাকে বাদ দিতে পারব না। আমি কোচ, তাদের বন্ধু নই।’
কোচিং স্টাফের অন্য সদস্যদেরও খেলোয়াড়দের মনমতো চলতে হয়েছে বলে অভিযোগ করেছেন সারোয়ার। তার ধারণা, নিজেদের পদ ধরে রাখতেই অনেকে খেলোয়াড়দের সঙ্গে আপস করেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, যারা নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, সবাই তাদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিন্তু স্বাচ্ছন্দ্যের গণ্ডিতে থাকলে নারী ক্রিকেটারদের উন্নতি হবে না। আমার মনে হয়েছে, বিদেশি কোচরাও একই কাজ করেছেন। আমার ধারণা, এভাবে মানিয়ে নিয়ে ও চুপচাপ থেকেই একজন কোচ নিজের চাকরি নিশ্চিত করেন।’
দলের ফিটনেস নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক এই কোচ। তার দাবি, বাংলাদেশের প্রথম একাদশের অর্ধেকের বেশি খেলোয়াড় আন্তর্জাতিক মানের ফিটনেস ধরে রাখতে পারছেন না। সারোয়ার বলেন, ‘আমি আপনাদের বলছি, প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই। বেশির ভাগের ফিটনেস গড় মানের নিচে, কয়েকজন মাঝারি মানের, আর দু-একজনের ফিটনেস মানসম্মত।’
ফিটনেসকে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘ফিটনেস পরীক্ষা হলে ট্রেনার বলতে পারবেন, কতজন আন্তর্জাতিক মানের ফিটনেসের পর্যায়ে আছেন। তাদের সেই ফিটনেস নেই। আমি যদি মনে করি, শুধু ৩০টি বল করেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাব, তাহলে তা কখনোই সম্ভব নয়।’
নারী দলের মধ্যে গ্রুপিং আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি সারোয়ার। তবে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে দলের সব খেলোয়াড়ের সম্পর্ক সমান ঘনিষ্ঠ নয় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সারোয়ারের ভাষায়, ‘গ্রুপিং আছে কি না, তা বলতে পারব না। তবে কেউ কেউ অধিনায়কের ঘনিষ্ঠ, আবার কেউ কেউ তার ততটা ঘনিষ্ঠ নন।’