টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চলমান বোর্ড সভায় আলোচনা হওয়ার কথা। তবে আগামী চক্রে আগের মতো ৯টি দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা বেশি। ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের আইসিসির সভা বুধবার শুরু হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। চলবে রবিবার পর্যন্ত। সভার আলোচ্যসূচিতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কৌশলগত পর্যালোচনা এবং ২০২৭-৩১ মেয়াদের পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়েও আলোচনা থাকার কথা।

প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপকে এক বিভাগে ১২ দলের প্রতিযোগিতায় রূপ দেওয়ার প্রস্তাব বেশ গতি পেয়েছিল। তবে সেই পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী চক্রে ৯ দল নিয়েই টুর্নামেন্ট চলতে পারে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান আগের মতোই প্রতিযোগিতার বাইরে থাকবে।

তবে জিম্বাবুয়ের অন্তর্ভুক্তির সম্ভাবনা এখনো রয়েছে। দেশটি যুক্ত হলে টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বেড়ে ১০ হতে পারে। অন্যদিকে, আর্থিক পরিস্থিতি এবং টেস্ট ক্রিকেট খেলার আগ্রহ নিয়ে উদ্বেগ থাকায় আয়ারল্যান্ডের অংশগ্রহণ অনিশ্চিত।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের মতে, অতিরিক্ত ম্যাচের কারণে ভ্রমণের চাপ বাড়বে এবং ঘরের মাঠের ক্রিকেট সূচিতেও প্রভাব পড়তে পারে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগ্রহী ইংল্যান্ড। তালেবান সরকারের অধীনে নারীদের প্রতি আচরণের কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় তারা।

টেস্ট ক্রিকেটের সংখ্যা বাড়াতে দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়নশিপে জায়গা পাওয়ার চেষ্টা করছে জিম্বাবুয়ে। বর্তমান কাঠামো বহাল থাকলে তাদের হতাশ হতে হবে। ২০২৫ সালে ১০টি টেস্ট খেললেও চলতি বছর এখন পর্যন্ত মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে দলটি।

এদিকে, ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদের পরবর্তী এফটিপিও সভায় উপস্থাপনের কথা রয়েছে। দ্বিপক্ষীয় সিরিজের বেশির ভাগ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। বালির সভায় বোর্ডগুলোর মধ্যে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৮ সালে জিম্বাবুয়ে সফরে যেতে পারে ইংল্যান্ড। ওই সফরে অন্তত একটি টেস্ট ম্যাচও থাকতে পারে। ২০০৪ সালের পর জিম্বাবুয়ের মাটিতে দুই দলের মধ্যে কোনও দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। ২০২৭ সালে একটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। আগামী চক্রে অস্ট্রেলিয়ারও জিম্বাবুয়ে সফরের সম্ভাবনা রয়েছে। তবে সেখানে টেস্ট ম্যাচ থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

পরবর্তী চক্রেও ছোট পরিসরের টেস্ট সিরিজ খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড উত্তর আমেরিকায় ক্রিকেটের প্রসার বাড়াতে ওয়াশিংটন ডিসি ও টরন্টোতে সাদা বলের সিরিজ আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখছে।

ক্রিকেট কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ক্যারিবিয়ানদের। পাশাপাশি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চায় তারা। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে ফ্রেডেরিকে ১০ হাজার আসনবিশিষ্ট ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছে ফ্রিডম।

আইসিসির সভার আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কৌশলগত পর্যালোচনা। বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজি তিন সংস্করণ—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে এই পর্যালোচনা করেছে। প্রতিবেদনটি আইসিসি বোর্ডের সামনে উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের (ওডিআই) ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। টেস্ট ও টি-টোয়েন্টির মাঝখানে ওয়ানডের অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। আগামী এফটিপিতে ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা আছে। বেশির ভাগ ম্যাচই ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজন করা হতে পারে।

সম্প্রচার স্বত্বের আয়ের ওপর আইসিসির নির্ভরতা কমাতে নতুন রাজস্বের উৎস খোঁজার বিষয়টিও পর্যালোচনায় আসতে পারে। পাশাপাশি আয়ের বণ্টন মডেল এবং আগামী চক্রে সদস্য বোর্ডগুলোর প্রাপ্য অর্থের অংশ কমানো হবে কি না, তা নিয়েও আলোচনা হওয়ার কথা।

পুরুষদের ওয়ানডে দলের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি সহযোগী সদস্য দেশ। বর্তমানে আটটি সহযোগী দেশসহ মোট ২০টি দেশের ওয়ানডে মর্যাদা রয়েছে। তবে ওয়ানডে বিশ্বকাপ আইসিসির আয়ের অন্যতম বড় উৎস হওয়ায় দলের সংখ্যা কমানোর সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। পুরুষদের ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত দলের সংখ্যা ৩২-এ উন্নীত করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। তবে সেটি বাস্তবায়নের সম্ভাবনা কম।