ক্রিকেট মাঠে ব্যাট হাতে অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার সেই মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থাকা ২৬টি ব্যাট জায়গা পেতে যাচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে। নিজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহার করা ব্যাটগুলো জাদুঘরে প্রদর্শনের জন্য উপহার দেবেন ক্রিকেটের এই কিংবদন্তি।
‘ব্যাটোগ্রাফি’ নামের বিশেষ প্রদর্শনীতে শচীনের বর্ণাঢ্য ক্রিকেট-জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে তার ব্যবহৃত ব্যাটের মাধ্যমে।
এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক বলেছেন, ‘ব্যাটোগ্রাফির মাধ্যমে আমরা এমসিএ জাদুঘরে একটি অনন্য মাত্রা যোগ করছি। যেসব সরঞ্জাম দিয়ে ইতিহাসের মাইলফলকগুলো তৈরি হয়েছে, সেগুলোর মাধ্যমেই দর্শনার্থীরা সেই অর্জনগুলোর পেছনের গল্প জানার সুযোগ পাবেন।’
তিনি আরও বলেন, ‘শচীন তার অমূল্য স্মারকগুলো এমসিএর সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এতে আমরা সম্মানিত। তার অসাধারণ কীর্তি প্রজন্মের পর প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’
শুধু ব্যাট নয়, শচীনের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক হিসেবে ব্যবহৃত হেলমেট, জার্সি ও ব্যক্তিগত নোটও থাকবে এই সংগ্রহে। আগামী ১৬ নভেম্বর প্রদর্শনীর উদ্বোধন হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শচীনের অবসরের ১৩ বছর পূর্তির দিন এটি। ২০১৩ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ২০০তম ও শেষ টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।