এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শিরোপা জয়ের পাশাপাশি ১০ লাখ টাকা প্রাইজমানিও পেয়েছে ইউল্যাব।
বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালের আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ গড়ে ইউল্যাব। দলের হয়ে অপরাজিত সেঞ্চুরি করেন ফারহান জানি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি পায় দলটি।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি সোনারগাঁও ইউনিভার্সিটি। ফলে ৫৩ রানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ইউল্যাব।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইউল্যাবের ফারহান শোভন নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা। ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য ছিল চ্যাম্পিয়নদের। ইউল্যাবের রাকিব পেয়েছেন সেরা বোলারের পুরস্কার। সেরা ব্যাটসম্যান ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন জাকিরুল জেম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানসহ অন্যরা।
এবারের আসরে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউল্যাব, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স, ফারইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।