দীর্ঘদিন ধরে মাঠের বাইরে বাংলাদেশের পেসার নাহিদ রানা। চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না প্রায় চার মাস। অবশেষে নিজের শারীরিক অবস্থার উন্নতির খবর জানালেন এই গতিতারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর এখন ভালো অনুভব করছি।’
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে চোটে পড়েন নাহিদ। গ্রেড-টু সাইড স্ট্রেইনের কারণে এরপর থেকে মাঠের বাইরে তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে নতুন করে নিতম্বের সমস্যাও দেখা দেয়। পরে পরীক্ষায় ল্যাব্রামের চোট ধরা পড়লে তার পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। এ কারণে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন চালিয়ে যেতে হয়েছে তাকে।
চোটের কারণে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি নাহিদ। দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় আশাবাদী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যে, অস্ট্রেলিয়ায় পুনর্বাসনের অংশ হিসেবে প্রায় ৯০ শতাংশ শক্তিতে বোলিং করেছেন নাহিদ। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বরের টি-টোয়েন্টি সিরিজে তাকে ফেরানোর ব্যাপারে আশাবাদী নির্বাচকেরা।
দীর্ঘ অপেক্ষার পর নাহিদের নিজের মুখে ভালো থাকার খবর তাই স্বস্তি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। এখন অপেক্ষা মাঠে ফেরার।