অস্ট্রেলিয়া দলে নতুন পেস বোলার, প্রথম দিনেই গড়লেন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৬:৩৭ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

অস্ট্রেলিয়ার উদীয়মান ফাস্ট বোলার মাহলি বিয়ার্ডম্যান ওয়ানডেতে অভিষেক ম্যাচেই রেকর্ড গড়ে ফেলেছেন। নিজের প্রথম ম্যাচে অস্ট্রেলীয় ক্রিকেটারের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়ে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছেন। এতে পার্থে সিরিজের উদ্বোধনী ম্যাচে তার দলকে সাত উইকেটের এক বিশাল জয় এনে দিয়েছে।

২০২৪ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর থেকেই ভবিষ্যতের তারকা হিসেবে আলোচিত ছিলেন বিয়ার্ডম্যান। শুক্রবার নিজের ঘরের মাঠে দুর্দান্ত ছয় উইকেট শিকারের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের আগমনী বার্তা ঘোষণা করেন।

২১ বছর বয়সী এই বোলার ৭.৪ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বর্তমান জাতীয় নির্বাচক টনি ডোডেমেইডের ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ওয়ানডেতে পাওয়া ৫-২১ রানের রেকর্ডটি ভেঙে দেন। এটি পুরুষদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে যেকোনও বোলারের চতুর্থ সেরা বোলিং ফিগারও বটে।

বিয়ার্ডম্যান তার প্রথম দুটি উইকেটে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার হ্যারি ব্রুক (১) ও জো রুটকে (১৭) আউট করেন; দুই জনেই উইকেটরক্ষক জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

সিমিং কন্ডিশনে নিখুঁত নিশানায় বল করে এই ডানহাতি পেসার মুহূর্তেই ইংল্যান্ডের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন। অধিনায়ক মিচেল মার্শ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বিয়ার্ডম্যান, স্পেন্সার জনসন (৩-৪২) ও জেভিয়ার বার্টলেট (১-৪৬) মিলে ১৯ ওভারের মধ্যেই সফরকারীদের স্কোর ৮ উইকেটে ৬৫ রানে নামিয়ে আনেন।

পার্থের বাউন্সি উইকেট সামলাতে ব্যর্থ হয়ে জর্ডান কক্স (২), স্যাম কারান (০) ও লিয়াম ডসনও (০) উইকেটের পেছনে ক্যাচ দিলে বিয়ার্ডম্যান তার প্রথম পাঁচ ওভারের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট পূর্ণ করেন।

নবম উইকেটে উইল জ্যাকস (২৫) ও গাস অ্যাটকিনসনের (অপরাজিত ২৯) ৩৭ রানের সংক্ষিপ্ত প্রতিরোধে ইংল্যান্ডের স্কোর তিন অঙ্কে পৌঁছায়, তবে বিয়ার্ডম্যান ও জনসন আবার আক্রমণে ফিরে ৩৪তম ওভারেই ১৩১ রানে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন।

১৩২ রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড শুরুতেই অ্যাটকিনসনের বলে ইনসাইড-এজ হয়ে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন। তবে ওপেনিং সঙ্গী মার্শের ফিফটিতে অস্ট্রেলিয়া সহজে লক্ষ্য ভেদ করে।

আগস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পর থেকে গত ১৫ ইনিংসে অষ্টমবারের মতো হেড বল টেনে এনে নিজের স্টাম্পে লাগালেন; ইংলিশ ডানহাতি পেসারের একটি ফুল লেংথ ডেলিভারিতে সোজা ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে তিনি বোল্ড হন।

অজি অধিনায়ক মার্শ দলকে ঝোড়ো শুরু এনে দেন এবং মাত্র ২৯ বলে টানা চতুর্থ ওয়ানডে অর্ধশতক তুলে নেন। এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-২ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজেও তিনি ৬০, ৮৪ এবং ৫৬ রানের ইনিংস খেলেছিলেন।

ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চারের করা ১৭ রানের এক ওভারে যথাক্রমে ১০১ এবং ১১৩ মিটারের দুটি বিশাল ছক্কাসহ মোট চারটি ছক্কা হাঁকান মার্শ।

ক্যারিয়ারের ২৫তম ওয়ানডে ফিফটি পূর্ণ করার ঠিক পরের বলেই জেমি ওভারটনের ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হন মার্শ।

কুপার কনোলি ২৭ রান করে বিদায় নেওয়ার পর ইনিংসের গতি নাটকীয়ভাবে কমে এলেও তাতে কোনও সমস্যা হয়নি; ম্যাট রেনশো (৩৮ বলে অপরাজিত ২৬) ও জস ইংলিশ (৪২ বলে ২৩) ২৬ ওভারেরও বেশি হাতে রেখে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এদিকে ২১ বছর ২ মাস ১৩ দিন বয়সে বিয়ার্ডম্যান পুরুষদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন। এর মাধ্যমে তিনি গত বছর ম্যাকেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সতীর্থ কুপার কনোলির (২২ বছর ২ দিন) গড়া ৫-২২ রানের রেকর্ডটি পেছনে ফেলেন।

ইনিংস বিরতিতে ফক্স ক্রিকেটের মাইক হাসিকে বিস্মিত বিয়ার্ডম্যান বলেন, আসলে কী ঘটে গেছে আমি ঠিক বুঝতে পারছি না। দিনের শুরুতে এই হাসির হাত থেকেই অস্ট্রেলীয় পুরুষ ওয়ানডে দলের ২৫৫ নম্বর ক্যাপটি গ্রহণ করেছিলেন তিনি।

বিয়ার্ডম্যান জানান, অজি ব্যাটিং কিংবদন্তি হাসির ছেলে উইলের সঙ্গে একই হাই স্কুলে পড়ার সুবাদে সপ্তম শ্রেণি থেকেই তিনি হাসিকে চেনেন।

বিয়ার্ডম্যান আরও বলেন, সবকিছু খুব দ্রুত ঘটে গেছে, তবে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটাই অনেক বড় সম্মানের ব্যাপার। আর তার সঙ্গে কয়েকটি উইকেট পাওয়াটা ছিল বাড়তি পাওনা।

/এফআর/
সম্পর্কিত
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
নিউজিল্যান্ডে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, আংটির দাম ৫৫ লাখ!
সর্বশেষ খবর
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন
হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
কোরআন ছুঁয়ে শপথ নেবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ
কোরআন ছুঁয়ে শপথ নেবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল