হোক না ছোটদের এশিয়ার কাপ। শেষ বল পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান, হাতে মাত্র এক উইকেট। এমন পরিস্থিতিতে স্নায়ুর লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। শেষ বলে পাকিস্তানের বিপক্ষে এক উইকেটের রোমাঞ্চকর জয় তুলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা। শনিবার ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত ফাইনালে শেষ বলে ৩৩৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত।
শেষ দিকে মোহিত উলভার ঝড়ো ব্যাটিং এবং মানাল চৌহানের সঙ্গে তার গুরুত্বপূর্ণ জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। উলভা ২৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে চৌহান ৩২ বলে ৪৭ রান করে ফেরেন। নবম উইকেটে দুজন মিলে গড়েন ৫৭ রানের জুটি। চিগুরুপতি ভেঙ্কটাও ১১ রানে অপরাজিত থেকে জয়ে অবদান রাখেন।
এর আগে ব্যাট করতে নেমে উসমান খানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ১১১ বলে ১০৭ রান করেন উসমান। আবদুল কাদির ৫৪ বলে ৮০ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ রান যোগ করেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে পাকিস্তান।
জবাবে ভারতের রান তাড়ায় নেতৃত্ব দেন অধিনায়ক লক্ষ্য রাইচান্দানি। তিনি করেন ৮০ রান। আর্যবীর শেহবাগের ব্যাট থেকে আসে ৫৮ রান। তবে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শেষ দিকে উলভা ও চৌহানের দৃঢ়তায় আবারও জয়ের সম্ভাবনা তৈরি হয়। তাদের লড়াইয়ে শেষ পর্যন্ত শিরোপাও ওঠে ভারতের হাতে।
ভারতের হয়ে কাব্য প্যাটেল চারটি এবং ভেঙ্কটা তিনটি উইকেট নেন। পাকিস্তানের রিজওয়ানউল্লাহ তিনটি ও নিকাব শফিক দুটি উইকেট শিকার করেন।
গত আসরের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এবার সেই হারের জবাব দিয়েছে তারা।