ওয়ান্ডারার্সের কন্ডিশন কাজে লাগাতে পেস আক্রমণেই বেশি ভরসা রাখছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের একাদশে চার পেসার ও এক অফ স্পিনার রেখেছে স্বাগতিকরা। রবিবার শুরু হতে যাওয়া ম্যাচে প্রোটিয়াদের একাদশে আছেন পেস আক্রমণের প্রধান ভরসা কাগিসো রাবাদা। তাছাড়া ডেন প্যাটারসনের পাশাপাশি রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সিমোন হারমার।
ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস শুরু করবেন এইডেন মারক্রাম ও মারকেস অ্যাকারম্যান। এরপর খেলবেন জুবায়ের হামজা, অধিনায়ক টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজকে ও রায়ান রিকেলটন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে ১৭৬ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের একাদশ থেকে এবার দুটি পরিবর্তন এনেছে তারা। ডেভিড বেডিংহাম ও জেরাল্ড কোয়েৎজির জায়গায় সুযোগ পেয়েছেন হামজা ও প্যাটারসন।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হামজা। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৪৬ রান।
২০২২ সালের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে এবারের সিরিজের প্রথম ম্যাচটি বাড়তি তাৎপর্যপূর্ণ। চারবার দক্ষিণ আফ্রিকা সফর করলেও ওয়ান্ডারার্সে এর আগে কখনো টেস্ট খেলেনি বাংলাদেশ।
দুই দলই ভিন্ন পরিস্থিতি থেকে এই ম্যাচে নামছে। নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে এই সফরে এসেছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম, মারকেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
রোনালদোকে বিদায় জানাতে পর্তুগালের বিশেষ আয়োজন