অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে? 

টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রাখার স্বপ্ন নিয়ে গতকাল মাঠে নেমেছিলেন মাহফিজুল ইসলাম। কিন্তু অভিষেকে প্রথম বলেই গোল্ডেন ডাকে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। সেই বলে উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাও। রবিবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের শুরুতেই এমন বিরল ঘটনা ঘটেছে।

ম্যাচের প্রথম বৈধ বলেই গোল্ডেন ডাকের শিকার হন মাহফিজুল। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটার তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন অভিজ্ঞতা হয়েছে সর্বমোট চার ব্যাটারের।

ইনজুরিতে ছিটকে যাওয়া সাদমান ইসলামের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার মাহফিজুল। রাবাদার অফ স্টাম্পের বাইরের দিকে সিম করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে দেন তিনি। তাতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। 

এর আগে টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হওয়ার ঘটনা ঘটেছে আরও তিনবার। তবে টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতার শিকার হন প্রোটিয়া ব্যাটার জিমি কুক। ১৯৯২ সালে ডারবানে কপিল দেবের বলে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। তার পর ২০০১ সালে কিংস্টনে অ্যালান ডোনাল্ডের শিকার হন ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক। আর ২০১৯ সালে আবুধাবিতে ব্লেসিং মুজারাবানির বলে আউট হয়েছিলেন আফগানিস্তানের আবদুল মালিক।

মাহফিজুলের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা হতাশার হলেও প্রথম বলেই উইকেট নিয়ে বিশেষ এক তালিকায় জায়গা করে নিয়েছেন রাবাদা। পুরুষদের টেস্ট ম্যাচের প্রথম বৈধ বলেই উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার তিনি।

এই তালিকায় তার আগে আছেন বার্ট ভোগলার, অ্যালান ডোনাল্ড ও ডেল স্টেইন। ১৯০৭ সালে ওভালে ইংল্যান্ডের টম হেওয়ার্ডকে টেস্টের প্রথম বলেই আউট করে ইতিহাসে প্রথমবার এই কীর্তি গড়েন ভোগলার। ২০০১ সালে কিংস্টন টেস্টে লিওন গ্যারিককে ফিরিয়ে ভোগলারের পাশে নাম লেখান ডোনাল্ড।

এরপর ২০১০ সালে টেস্টের প্রথম বলেই ইংল্যান্ডের ওপেনার অ্যান্ড্রু স্ট্রসকে আউট করে এই তালিকায় যুক্ত হন স্টেইন। এবার সেই বিরল কীর্তির অধিকারী হলেন দক্ষিণ আফ্রিকার আরেক গতিতারকা রাবাদা।