সর্বশেষ টেস্টে দেশের মাটিতে ডাবল সেঞ্চুরির পর সেই ফর্ম দক্ষিণ আফ্রিকাতেও নিয়ে গেছেন তাওহীদ হৃদয়। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়েছেন হৃদয়। তাতে শুরুর ধাক্কার পর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ৫ উইকেট পতনের পর থেকে দারুণ প্রতিরোধ গড়ে খেলেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দেশ ও দেশের বাইরে মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন তারা। এতদিন জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রান ছিল সর্বোচ্চ। লিটন ও হৃদয় মিলে সেটা দেড়শ ছাড়িয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ছিল ৫ উইকেটে ২৯০ রান। লিটন ৮৫ রানে ব্যাট করছেন। হৃদয় খেলছেন ১০৮ রানে।