মাথায় বল লাগা হাসান বললেন, ‘মনে হয়েছিল আমি আর বেঁচে নেই’

চলমান জোহানেসবার্গ টেস্টে মাথায় প্রচণ্ড জোরে বল আঘাত করার পর এক মুহূর্তের জন্য সব শেষ ভেবে নিয়েছিলেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মার্কাস অ্যাকারম্যানের সোজা শটে কপালে আঘাত পান বাংলাদেশের এই পেসার। মাঠে পড়ে যাওয়ার পর দ্রুত ছুটে আসেন দুই দলের ফিজিও। সতীর্থদের উৎকণ্ঠার মধ্যেও অবশ্য সচেতন ছিলেন হাসান। কিছুক্ষণ বিরতি নিয়ে আবার মাঠে ফিরেছিলেন তিনি।

সোমবার বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে ঘটনাটি ঘটে। হাসানের করা কিছুটা ফুল লেংথের বল সোজা ব্যাটে খেলেছিলেন অ্যাকারম্যান। বলটি সরাসরি হাসানের দিকে ফিরে এলে হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন তিনি। কিন্তু বলটি তার কপালে গিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এই পেসার। দ্রুত মাঠে আসেন বাংলাদেশের ফিজিও, পরে যোগ দেন দক্ষিণ আফ্রিকার ফিজিও। পুরো দলও ঘিরে ধরে তাকে।

আঘাতের পরও জ্ঞান হারাননি হাসান। ওভারটি শেষ করার পর কিছুক্ষণ বিরতি নেন। এরপর আবার মাঠে ফেরেন। তবে সেই মুহূর্তের ভয়াবহতা পরে জানিয়েছেন নিজেই।

তৃতীয় দিনের খেলা শুরুর আগে আতহার আলী খানের সঙ্গে আলাপচারিতায় হাসান বলেন, ‘আমি ভালো আছি, ভালো আছি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি মারা গেছি। তবে আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি।’

দ্বিতীয় দিনের শেষ দিকে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসান। ইনিংসের শুরুতে এইডেন মারক্রামকে ফিরিয়ে দেওয়ার পর দিনের শেষ ভাগে আরও দুটি উইকেট নেন তিনি। তার বোলিংয়ে ম্যাচে লড়াইয়ে টিকে ছিল বাংলাদেশ।