শাহরুখের ৪ হাজার কোটির গুঞ্জনের মধ্যেই কেকেআরের মালিকানায় বড় পরিবর্তন?

বলিউড কিং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে নতুন অংশীদার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৭ আইপিএল মৌসুমের আগে তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটির কিছু শেয়ার কিনতে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরেস ম্যানেজমেন্ট। তবে এই উদ্যোগে পুরো ফ্র্যাঞ্চাইজি বিক্রি কিংবা মালিকানা নিয়ন্ত্রণে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই।

‘দ্য স্টেট অব প্লে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কেকেআরের বর্তমান মালিকদের সঙ্গে আরেস ম্যানেজমেন্টের আলোচনা চলছে। তবে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

কেকেআরের মালিকানা রয়েছে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। ২০০৮ সালে গঠিত এই যৌথ উদ্যোগে রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতার মেহতা গ্রুপ। নতুন বিনিয়োগের আলোচনার কেন্দ্রে রয়েছে মেহতা গ্রুপ। ফ্র্যাঞ্চাইজি থেকে পুরোপুরি সরে না গিয়ে নিজেদের অংশের কিছু শেয়ার বিক্রির বিষয়টি বিবেচনা করছে তারা।

গত আগস্টে মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মেহতা গ্রুপ তাদের প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে। সে সময় কেকেআরের সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ১৮০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ১৬ হাজার ২০০ কোটি রুপি। তবে এটি ছিল প্রত্যাশিত মূল্য, চূড়ান্ত চুক্তির অঙ্ক নয়।

এদিকে কেকেআরের মালিকানা নিয়ে শাহরুখ খানের অবস্থান ঘিরেও আলাদা আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, মেহতা গ্রুপের কাছ থেকে আরও ৩৫ শতাংশ শেয়ার কিনে নিজের মালিকানা বাড়াতে চান বলিউড তারকা। প্রায় ৪ হাজার কোটি রুপির এই সম্ভাব্য লেনদেন সম্পন্ন হলে কেকেআরে শাহরুখের অংশীদারত্ব বেড়ে প্রায় ৯০ শতাংশ হতে পারে। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে এই আলোচনা এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

কেকেআরের সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের ঘটনা থেকে আলাদা। ওই দুই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রির আলোচনা বা লেনদেন হয়েছে। কিন্তু কেকেআরের ক্ষেত্রে প্রস্তাবিত বিনিয়োগ অল্পপরিমাণ অংশীদারত্বের, যাতে বর্তমান মালিকানা কাঠামো মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।

ভারতের বাইরে টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেদের অবস্থান শক্ত করেছে নাইট রাইডার্স গ্রুপ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মালিক এই গ্রুপ।

ভারত, ক্যারিবীয় অঞ্চল, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে দল পরিচালনার মাধ্যমে নাইট রাইডার্স এখন আন্তর্জাতিক ক্রিকেট ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাই কেকেআরে নতুন কোনো বিনিয়োগ শুধু আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির জন্যই নয়, পুরো গ্রুপের ভবিষ্যৎ সম্প্রসারণের ক্ষেত্রেও সেটি গুরুত্বপূর্ণ হতে পারে।