সুপার ফিট ক্রিকেটারদেরও কেন পেশিতে টান ধরে?

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে থাকে কঠোর প্রস্তুতি। দীর্ঘ সময় মাঠে থাকা, দ্রুত দৌড়ানো, ক্ষিপ্রতার সঙ্গে ফিল্ডিং করা কিংবা টানা ব্যাটিং-বোলিং। ফলে সবকিছুর জন্যই প্রয়োজন অসাধারণ শারীরিক সক্ষমতা। তারপরও ম্যাচের মধ্যে পেশিতে টান বা ক্র্যাম্পে ভুগতে দেখা যায় অনেক তারকা ক্রিকেটারকে। ভারতের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে উল্লেখযোগ্য উদাহরণ হয়ে আছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৭ নভেম্বরের ওই ম্যাচে ক্র্যাম্প নিয়েও লড়াই চালিয়ে গেছেন তিনি। শেষ পর্যন্ত পুরুষদের ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়েছেন।

পেশাদার ক্রিকেটারদের ফিটনেসের এমন উচ্চমানের পরও কেন ক্র্যাম্প হয়, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। এর কারণ কী এবং কীভাবে এ সমস্যা এড়ানো যায়, তা জেনে নেওয়া যাক।

ক্র্যাম্প কী?

ক্র্যাম্প হলো পেশির অনিচ্ছাকৃত ও আকস্মিক সংকোচন। এতে তীব্র ব্যথা হতে পারে, এমনকি সাময়িকভাবে পেশির স্বাভাবিক নড়াচড়াও বন্ধ হয়ে যেতে পারে। পানিশূন্যতা, শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা, পেশির ক্লান্তি এবং অতিরিক্ত পরিশ্রমসহ নানা কারণে এটি হতে পারে।

ক্রিকেট এমন একটি খেলা, যেখানে রোদ কিংবা গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘ সময় মাঠে থাকতে হয়। ফলে খেলোয়াড়দের ক্র্যাম্পে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ক্রিকেট মাঠে ক্র্যাম্পের ঘটনা প্রায়ই দেখা যায়। এর পেছনে প্রধান কারণগুলো হলো-

১. পানিশূন্যতা

শরীরে পানির ঘাটতি হলে অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরতে পারে। পেশির স্বাভাবিক কার্যক্রমের জন্য পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকা জরুরি। আবার অতিরিক্ত পানি পান করলে শরীরে ইলেকট্রোলাইটের ঘনত্ব কমে যেতে পারে। বিশেষ করে সোডিয়ামের মাত্রা অতিরিক্ত কমে গেলে পেশির স্বাভাবিক সংকোচন ও প্রসারণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে তীব্র ব্যথা তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

২. অতিরিক্ত গরম আবহাওয়া

ক্র্যাম্পের ক্ষেত্রে আবহাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা বেশি থাকলে খেলোয়াড়দের মধ্যে পেশিতে টান ধরার প্রবণতা বাড়তে পারে। আর্দ্র আবহাওয়ায় ঘাম ধীরে শুকায়। শরীর ঠান্ডা রাখতে তখন আরও বেশি ঘাম তৈরি হয়। এর ফলে শরীর থেকে পানি ও ইলেকট্রোলাইটের হ্রাস ঘটে, যা ক্র্যাম্পের ঝুঁকি তৈরি করে।

৩. শারীরিক ক্লান্তি

বিশেষজ্ঞদের মতে, ক্র্যাম্পের আরেকটি কারণ হলো স্নায়ু-পেশির ক্লান্তি বা নিউরোমাসকুলার ফ্যাটিগ। অতিরিক্ত পরিশ্রমে পেশি ক্লান্ত হয়ে পড়লে স্নায়ু থেকে পেশিতে সংকেত পাঠানোর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। এর ফলে পেশিতে অনিচ্ছাকৃত সংকোচন দেখা দেয়।

কিছু ক্রীড়া-চিকিৎসা বিশেষজ্ঞের মতে, পেশিতে রক্তপ্রবাহ কমে গেলেও ক্র্যাম্প হতে পারে। পায়ে রক্ত সরবরাহকারী ধমনিগুলো সরু হয়ে গেলে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সময় পা ও পায়ের পাতায় ব্যথাসহ পেশিতে টান ধরতে পারে।

ক্র্যাম্প হলে কী করণীয়?

ক্র্যাম্প পুরোপুরি এড়ানোর নিশ্চয়তা নেই। তবে পর্যাপ্ত তরল পান এবং সঠিক নিয়মে স্ট্রেচিং করলে এর ঝুঁকি কমানো সম্ভব বলে বিশেষজ্ঞদের পরামর্শ। খেলার মধ্যে কোনো খেলোয়াড়ের ক্র্যাম্প হলে আক্রান্ত পেশিতে আলতোভাবে মালিশ করা এবং শরীরের পানির ঘাটতি পূরণে তরল পান করা উচিত।

 

/এফআইআর/
সম্পর্কিত
আইপিএলে ধোনির আয় কত, কোন মৌসুমে পেয়েছেন সবচেয়ে বেশি?
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
বজ্রপাত-শিলাবৃষ্টিতে ভেসে গেলো তৃতীয় দিন
সর্বশেষ খবর
জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা নিয়ে প্রশ্নে যা বললো জাতিসংঘ
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা নিয়ে প্রশ্নে যা বললো জাতিসংঘ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’