বল টেম্পারিংয়ে কে কী জানতেন, এবার মুখ খুলতে পারবেন সবাই

২০১৮ সালের সেই কুখ্যাত বল টেম্পারিং কাণ্ডের বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিকেট অস্ট্রেলার। উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃতির ঘটনা। এবার সেই বিতর্কের অবসান ঘটাতে নতুন উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘটনার সময় দলের ক্রিকেটার ও কর্মকর্তারা কে কী জানতেন, তা জানাতে একটি স্বাধীন ফোরাম খুলছে সংস্থাটি। সেখানে সবাই নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন।

বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, এটি ২০১৮ সালের ঘটনার তদন্ত নতুন করে শুরুর উদ্যোগ নয়। ফোরামে পাওয়া বক্তব্য প্রকাশ করা হবে কি না, সেই নিশ্চয়তাও নেই। এ ঘটনায় নতুন করে কাউকে শাস্তিও দেওয়া হবে না।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে খাজা দাবি করেছেন, বলের অবস্থা পরিবর্তন করতে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে শুধু ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট জানতেন- ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিক তদন্তের এই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল না। খাজার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন ওয়ার্নারও। তাদের দাবি, প্রতারণার এই চেষ্টা সম্পর্কে পুরো দল অন্তত অবগত ছিল। তবে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক পেসার মিচেল স্টার্ক এখনো বলে আসছেন, এ পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেছেন, ‘প্রায় এক দশক ধরে এই ঘটনার রেশ অস্ট্রেলীয় ক্রিকেটের আলোচনার অংশ হয়ে আছে। আমরা মনে করি, এবার এই বিতর্কে বিরতি টানার সময় এসেছে।’

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বলের অবস্থা পরিবর্তন করতে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। ওই ঘটনায় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তৎকালীন অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য শীর্ষ পর্যায়ের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া ব্যানক্রফট পেয়েছিলেন ৯ মাসের নিষেধাজ্ঞা।

গ্রিনবার্গ জানিয়েছেন, নতুন করে তদন্তের কোনো পরিকল্পনা নেই। বরং ঘটনার সময় দলের যেকোনো ক্রিকেটার কিংবা স্টাফ সদস্য নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরতে পারবেন এই ফোরামে।

তিনি বলেন, ‘প্রায় সবার বক্তব্যই আমাদের কাছে আছে। তবে সেগুলোর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।’

বিষয়টি যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। তার ভাষায়, ‘এই উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ঘটনার সময় কী ঘটেছিল, সে বিষয়ে প্রত্যেকের বক্তব্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমাদের যথেষ্ট সম্মান দিতে হবে।’

গ্রিনবার্গ আরও বলেন, ‘নিখুঁত সত্য খুঁজে বের করা সম্ভব নয়, আর আমরা সেটির পেছনেও ছুটছি না। আমরা শুধু প্রত্যেককে নিরাপদ একটি পরিবেশে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিচ্ছি।’