আবারও ব্যাটিং ধস, কঠিন পরীক্ষায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে চায়ের বিরতির আগেই তিন উইকেট হারিয়েছে সফরকারীরা। বুধবার চা বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৮ রান। বিরতি থেকে ফিরে আরও একটি উইকেটও হারায় বাংলাদেশ। বিদায় নেন মাহফিজুল ইসলাম! এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮৭ রান। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ২৩* ও মুশফিকুর রহিম ৪*। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সিমোন হারমার ও কাগিসো রাবাদা। একটি নিয়েছেন মার্কো।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। ইনিংসের শুরুতেই ইয়ানসেনের বাউন্সারে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ২১ বল খেলে মাত্র ৪ রান করেন তিনি।

এরপর রাবাদার শিকার হন মুমিনুল হক। মাত্র ১ রান করে বোল্ড হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। ফলে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সবচেয়ে বড় ধাক্কাটি আসে অধিনায়ক শান্তর বিদায়ে। স্পিনার হারমার নিজের প্রথম ওভারেই আঘাত হানেন। স্লিপে ক্যাচ দেন শান্ত। ৪২ বল খেলে ১১ রান করেন অধিনায়ক। তাতে ৫৮ রানে তিন উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে বাংলাদেশ।

সর্বশেষ চায়ের বিরতি থেকে ফিরে আউট হন এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকা অভিষিক্ত মাহফিজুল। হারমারের বলে ৩২ রানে বোল্ড হন তিনি। 


এর আগে প্রথম ইনিংসে ৫৫৭ রান করে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। তাতে বাংলাদেশের চেয়ে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা। তাদের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা। অষ্টম উইকেটে দুজন মিলে গড়েন ১১৭ রানের জুটি। এই জুটিতেই ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করে দক্ষিণ আফ্রিকা।