বাংলাদেশ সিরিজে এনগিডি-নরকিয়াকে নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন আরেক পেসার এনরিখ নরকিয়া। ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার সিনেথেম্বা কেশিলে।

আগামী ১ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। এই সংস্করণে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। অন্যদিকে ১০ থেকে ১৩ ডিসেম্বরের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন বিয়র্ন ফরটুইন।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ত সূচির পর ক্রিকেটারদের কাজের চাপ সামলাতে এই দুটি সিরিজে কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে দলের সম্ভাব্য সমন্বয়গুলোও পরখ করে দেখতে চান তারা।

কনরাড বলেন, ‘অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচির পর আমরা সব সংস্করণে খেলা কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ইংল্যান্ড সফরের আগে তাদের ওয়ার্কলোড ঠিকঠাক সামলানো যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বৃহত্তর পরিকল্পনায় থাকা কয়েকজন ক্রিকেটারকে আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে পরখ করে নেওয়ার সুযোগ হিসেবেই আমরা এই দুটি সাদা বলের সিরিজকে দেখছি। সামনের বছরের বিশ্বকাপ স্কোয়াড মাথায় রেখে কয়েকটি ভিন্ন কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগও এটি আমাদের দেবে।’

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল

কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল 

বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।