বিসিবির প্রস্তাবে ইতিবাচক পাকিস্তান ও শ্রীলঙ্কা

২০২৭ এশিয়া কাপের আগে ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাবও পাঠিয়েছে তারা। প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে এই প্রস্তাব দেয় বিসিবি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি শুক্রবার পাকিস্তানি সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, সিরিজের সময় নিয়ে নাকভির দেওয়া তথ্য সঠিক নয়। প্রস্তাবটি দেওয়া হয়েছে ২০২৭ এশিয়া কাপের আগে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি আমরা। দুই দেশই প্রস্তাবে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’

তবে এখনই সিরিজ আয়োজনের ঘোষণা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। কারণ, প্রস্তাবটি এখনো বিবেচনাধীন। পাকিস্তান ও শ্রীলঙ্কা কোনো বোর্ডই অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘এখনই আমরা এটি ঘোষণা করতে পারছি না। কারণ, বিষয়টা আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই বিষয়টি বিবেচনা করছে। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে পরে আমাদের সিদ্ধান্ত জানাবে।’

আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।

২০২৭ সালের এশিয়া কাপ হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অধীনে আয়োজিত প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।