ক্রিকেট-ফুটবলে দায়িত্ব পালনের বিরল কীর্তি গড়েছিলেন যিনি 

ক্রিকেটে স্টিভ বাকনর পরিচিত এক কিংবদন্তি আম্পায়ার হিসেবে। পাঁচটি বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করেছেন তিনি। টেস্ট ক্রিকেটেও আম্পায়ার হিসেবে গড়েছেন রেকর্ড। তবে তার ক্যারিয়ারের আরেকটি অজানা অধ্যায় আছে, যা অনেক ক্রিকেটপ্রেমীরই অজানা। ক্রিকেটে আসার আগে ফুটবল রেফারি হিসেবেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ পরিচালনা করেছিলেন জ্যামাইকান এই আম্পায়ার।

১৯৯০ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে রেফারির দায়িত্ব পালন করেছেন বাকনর। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে এল সালভাদর ও নেদারল্যান্ডস অ্যান্টিলিসের ম্যাচে ছিলেন তিনি। দুই লেগের লড়াইয়ে প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল এল সালভাদর। ফিরতি ম্যাচটি ছিল তাই বেশ গুরুত্বপূর্ণ।

নিজেদের মাঠে অবশ্য প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি এল সালভাদর। দ্বিতীয় লেগে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় তারা। ম্যাচে নেদারল্যান্ডস অ্যান্টিলিসের দুই ফুটবলারকে হলুদ কার্ডও দেখিয়েছিলেন বাকনর।

এরপর ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েন তিনি। ফুটবল ও ক্রিকেট দুই বিশ্বকাপেই দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি হয়ে যান বাকনর। এখন পর্যন্ত আর কেউ তার এই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেননি। স্কুলজীবনে গোলকিপার হিসেবেও খেলেছেন তিনি।

ক্রিকেট আম্পায়ার হিসেবে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল বাকনরের। ২০০৯ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ১২৮টি টেস্ট ও ১৮১টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ডটি তার দখলে। সব টেস্ট খেলুড়ে দেশের ম্যাচ পরিচালনা করা প্রথম আম্পায়ারও তিনি।

ব্যাটারকে আউট দেওয়ার সময় ধীরে ধীরে হাত তোলার বিশেষ ভঙ্গির জন্য ‘স্লো ডেথ’ নামে পরিচিতি পেয়েছিলেন বাকনর। তার সেই ধীরগতির সিদ্ধান্ত জানানোর ভঙ্গি ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিল।