অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কজনক ঘটনা ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি। ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত সেই ঘটনা নিয়ে নতুন করে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট। তার দাবি, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ পাতানোর কেলেঙ্কারির চেয়েও বড় অপরাধ ছিল অস্ট্রেলিয়ার বল বিকৃতির ঘটনা। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার কিংবা ক্যামেরন ব্যানক্রফট নন, পুরো দলই এই ঘটনায় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা এক কলামে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বয়কট। তার অভিযোগ, নিজেদের ভাবমূর্তি, স্পন্সর ও জাতীয় সম্মান বাঁচাতে স্যান্ডপেপারগেটের পূর্ণাঙ্গ তদন্ত ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ড্রেসিংরুমের অন্য ক্রিকেটারদের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি বলে মনে করেন তিনি।
বয়কট লিখেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া জানতো, পুরো দলকে যদি প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয়, তাহলে স্পন্সররা সরে যাবে এবং দেশের জন্য তা হবে বড় বিব্রতকর ঘটনা।’ তার মতে, পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এ কারণে একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বয়কট। তদন্তের পরিধিতে কোনও সীমাবদ্ধতা রাখা যাবে না এবং সব অনুসন্ধানের ফলাফল প্রকাশ্যে আনতে হবে বলে মনে করেন তিনি। এমনকি তদন্ত কমিটি যেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে জবাবদিহি না করে, সেই দাবিও জানিয়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। তার প্রশ্ন, যে সংস্থা নিজেই বিতর্কের কেন্দ্রে, তারা কীভাবে নিজেদের নিরপেক্ষভাবে তদন্ত করবে?
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ পাতানোর ঘটনার সঙ্গে তুলনা টেনে বয়কট বলেন, অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি আরও ভয়ংকর। ২৫ বছরেরও বেশি আগে ক্রনিয়ের ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছিল। তবে সেই ঘটনায় মূলত দুই তরুণ ক্রিকেটার হার্শেল গিবস ও হেনরি উইলিয়ামস জড়িত ছিলেন। দক্ষিণ আফ্রিকার দলের বাকি ক্রিকেটার ও কোচিং স্টাফ এ বিষয়ে কিছু জানতেন না।
বয়কটের ভাষায়, ‘ক্রিকেটে আমি যা পড়েছি বা দেখেছি, তার মধ্যে এটি সবচেয়ে বড় ঘটনা। পুরো একটি দল প্রতারণা করছে।’
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের শাস্তি নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছেন বয়কট। তার মতে, বল টেম্পারিংয়ের ঘটনায় দুজনেরই পাঁচ বছরের নিষেধাজ্ঞা পাওয়া উচিত ছিল। তাদের শাস্তি যথেষ্ট ছিল না বলে মনে করেন তিনি। বয়কটের দাবি, ঘটনাটি তাৎক্ষণিক আবেগের বশে নেওয়া কোনও সিদ্ধান্ত ছিল না, বরং ছিল পূর্বপরিকল্পিত।
বিশেষ করে তখনকার অধিনায়ক স্মিথকে বেশি দায়ী করেছেন বয়কট। তার মতে, ওয়ার্নার যখন স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনার কথা তুলেছিলেন, তখনই স্মিথের তা থামিয়ে দেওয়া উচিত ছিল। পরিকল্পনা সম্পর্কে জানতে চাননি- স্মিথের এমন দাবি তাকে দায়মুক্তি দিতে পারে না বলেও মন্তব্য করেছেন বয়কট। অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন স্মিথ, তাই ইতিহাসের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে বলে মনে করেন তিনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে উসমান খাজার নতুন করে তোলা অভিযোগের পর অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্য নিয়েও সন্তুষ্ট নন বয়কট। মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছিলেন কামিন্স। তবে বয়কটের মতে, তার বক্তব্য ছিল অত্যন্ত সতর্কভাবে সাজানো, যাতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে যাওয়া যায়। কামিন্সসহ দলের অন্য বোলাররা কিছুই জানতেন না- এমন দাবিও বিশ্বাসযোগ্য মনে হয়নি তার কাছে।
বয়কটের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয়, ড্রেসিংরুমে কেউ এই পরিকল্পনার প্রতিবাদ করেননি। তার কথায়, ‘এটা বিশ্বাস করাই কঠিন যে সেই সময় একজন খেলোয়াড়ও দাঁড়িয়ে বলেননি এটা ঠিক হচ্ছে না।’