আগের জল্পনা থাকলেও আসন্ন আইপিএল নিলামে থাকছে না বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের।
গত মৌসুমের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এরপর থেকেই আসন্ন আইপিএল নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধন করা নিয়ে আলোচনা চলছিল। তবে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বরের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় নেই এই পেসারের নাম।
২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। সেবার সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৭ উইকেট নিয়ে জিতেছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত একমাত্র মোস্তাফিজই এই পুরস্কার জিতেছেন।
এদিকে আইপিএল নিলামে নিবন্ধন করেননি সাকিব আল হাসানও।
বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিলামের জন্য নিবন্ধন করেছেন ১১ ক্রিকেটার। তারা হলেন : হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।