গেইলের পর এবার সোনায় মোড়ানো আইফোন পেলেন ইফতিখার

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার মাঠের বাইরের এক উপহার নিয়ে আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার ইফতিখার আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে আলোচিত জমজম ভাইদের কাছ থেকে সোনায় মোড়ানো আইফোন ১৮ উপহার পেয়েছেন এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত জমজম ভাইয়েরা ইফতিখারের সঙ্গে দেখা করে তার হাতে তুলে দেন বিশেষভাবে তৈরি ফোনটি। উপহার পেয়ে তাদের ধন্যবাদ জানান পাকিস্তানি ক্রিকেটার। পাশাপাশি তাদের কাজের প্রশংসা করে সাফল্য কামনা করেন এবং শুভকামনা জানান।

এই সাক্ষাৎ জমজম ভাইদের জন্যও ছিল বিশেষ। প্রায় তিন বছর আগে ব্যবসা শুরুর সময় ইফতিখারের সঙ্গে তাদের প্রথম দেখা হয়েছিল। এবার নতুন করে দেখা হলো। তবে এবার নিজেদের কাজের পরিধি বাড়ার পর প্রিয় ক্রিকেটারকে উপহার দেওয়ার সুযোগ পেলেন তারা। এতে আনন্দ প্রকাশ করেছেন দুই ভাই।

ইফতিখারও তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকেও একই ধরনের সোনায় মোড়ানো আইফোন উপহার দিয়েছিলেন তারা।

২০২৬ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্টে ইউনাইটেড টাইগার্সের হয়ে খেলেছেন ইফতিখার। দলটি পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে। সাত ম্যাচে ১২৫ রান করেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।