বারিধারাকে হারিয়ে স্থান বদলালো ব্রাদার্স

পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। আর এই হারে রেলিগেশনের বিপদজনক অঞ্চলেই রয়ে গেল বারিধারা।

রবিবার আক্রমণ প্রতি আক্রমণের সূচনায় খেলার ১১ মিনিটেই বক্সের ওপর থেকে বাঁকানো ফ্রি কিক নিয়েছিলেন ব্রাদার্সের হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। কিন্তু বারিধারা গোলরক্ষক মো. রাজিব শেষ মুহূর্তে বল পাঞ্চ করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

এই আক্রমণের ধারাতেই বারিধারার সৌভাগ্য যে ২৯ মিনিটে আত্মঘাতী গোল হজম করতে করতে বেঁচে গেছে দলটি। বাম প্রান্ত দিয়ে আবারও বল নিযে ঢুকে পড়েছিলেন ওয়ালসন। ছোট বক্সের ওপর থেকে তিনি হালকা একটি চিপ করেন, বারিধারা ডিফেন্ডার মো. রকি বল হেড করে ক্লিয়ার করলে তা সাইডপোস্টে লাগে।

৩৮ মিনিটে ব্রাদার্সের গোলখরা মেটাতে পারতেন  ফরোয়ার্ড মান্নাফ রাব্বি কিন্তু তিনি ব্যর্থতা অব্যাহত রাখেন । বক্সের মাঝামাঝি থেকে গোলরক্ষক রাজিবকে একা পেয়েও তিনি বল মারেন তার হাতে।

অবশেষে ৬১ মিনিটে মান্নাফ রাব্বি ব্রাদার্সকে গোল পাইয়ে দেন। বক্সের ওপর থেকে ডানহাতের পোস্টে ফ্রি-কিক নিয়েছিলেন মিডফিল্ডার কাওসার আলী রাব্বি। কোনাকুনি হেডে বল জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড রাব্বি।

তবে ব্রাদার্সের হাসি বেশিক্ষণ টেকেনি। ৬৮ মিনিটে ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজের ফ্রি-কিক ক্লিয়ার করতে লাফিয়ে উঠেছিলেন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার ইয়নটা মাইকেল। মাথার পেছনের অংশে লেগে বল আছড়ে পড়ে জালে।

যদিও ৮৭ মিনিটে আবারও গোল উৎসবে মাতে ব্রাদার্স। মান্নাফ রাব্বি তার মার্কারকে কাটিয়ে ডান প্রান্ত থেকে কাটব্যাক করলে ফাঁকায় বল পেয়ে যান অগাস্টিন ওয়ালসন। ছোট বক্সের ওপর থেকে আলতো টোকায় তিনি জয়সূচক গোলটি করেন। 

২০ খেলায় ব্রাদার্সের পয়েন্ট ২৭, সমান খেলায় বারিধারার অর্জন ১৭। ব্রাদার্সের অবস্থান পঞ্চম, বারিধারা আছে একাদশতম স্থানে।

/আরএম/এফআইআর/