নতুন ক্লাব রেকর্ড গড়ল চেলসি

হ্যাজার্ড (বাঁয়ে) লিগে ৫০তম গোল করেনপ্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচ জয়ের নতুন ক্লাব রেকর্ড গড়ল চেলসি। সোমবার তারা বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে। একই সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে তারা (৪৬ পয়েন্ট) ব্যবধান বাড়াল ৭ এ।

নিষেধাজ্ঞার কারণে মূল ফরোয়ার্ড দিয়েগো কোস্তা ও মিডফিল্ডার এন’গোলে কান্তেকে পায়নি চেলসি। তবে পুরো তিন পয়েন্ট পাওয়ার ম্যাচে তাদের অভাব বুঝতে দেননি পেদ্রো রদ্রিগেজ ও ইডেন হ্যাজার্ড। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গোলমুখ খোলেন পেদ্রো। বিরতির কিছুক্ষণ পর পেনাল্টি থেকে লিগে নিজের ৫০তম গোল করেন হ্যাজার্ড। ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে জ্বলজ্বলে পারফরম্যান্সের প্রমাণ দেন পেদ্রো।

এ জয়ে অ্যান্তনিও কন্তের শিষ্যরা দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে ৭ পয়েন্টে ব্যবধান বাড়াল।

২০০১-০২ ও ২০০২-০৩ মৌসুমে প্রিমিয়ার লিগে টানা জয়ের ইতিহাস গড়া আর্সেনালের চেয়ে আর মাত্র দুটি জয় পেছনে চেলসি। স্টোক সিটির বিপক্ষে এবং টটেনহ্যাম হটস্পারের মাঠে আগামী ম্যাচে সফল হলে টানা ১৪ জয়ের ইতিহাস তৈরি করবে ব্লুরা। আর রেকর্ডটি একক করে নেওয়ার লক্ষ্যেই তখন লিস্টার সিটির মাঠে টানা ১৫তম জয়ের লক্ষ্যে নামবে তারা।

চেলসির সঙ্গে সমানতালে শিরোপার লড়াই টিকিয়ে রাখতে সফল হয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও পেপ গার্দিওলার শিষ্যরা হালসিটির মাঠে ৩-০ গোলে জিতেছে। ইয়াইয়া তোরে ও কেলেচির গোলের পর ইনজুরি সময়ে কুর্তিস ডেভিস আত্মঘাতী গোল করে ম্যানসিটির জয়ের ব্যবধান বাড়ান। ১৮ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট তাদের। অবশ্য আজ মঙ্গলবার স্টোক সিটির বিপক্ষে জিতলে ম্যানসিটিকে তিনে নামাবে লিভারপুল। তখন শীর্ষস্থানে চেলসির পয়েন্ট ব্যবধান কমে যাবে ৬ এ।
এদিকে মৌসুমে নিজের প্রথম লিগ ম্যাচে দুর্দান্ত এক হেডে গোল করে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন আর্সেনালের অলিভার জিরোদ। এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্ট ব্রুমউইচ আলবিওনকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তারাও শিরোপার লড়াইয়ে ফিরে এলো।

ওল্ড ট্রাফোর্ডে ডেভিড ময়েসের ফেরাটা সুখের হতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। সাবেক কোচের দল সান্দারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ডেলি ব্লাইন্ড, জ্লাতান ইব্রাহিমোভিচ ও হেনরি মাখতারিয়ান করেছেন গোল তিনটি।

কেভিন মিরালাস ও রোমেলু লুকাকুর গোলে লিস্টার সিটিকে ডুবিয়েছে এভারটন। সেপ্টেম্বরের পর তারা প্রথমবার প্রতিপক্ষের মাঠে জিতল। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/