রোনালদোর ছুটি বাড়াল রিয়াল

ক্রিস্তিয়ানো রোনালদোক্রিসমাসের ছুটি আরও কয়েকদিন কাটানোর সুযোগ পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ১৯ জনের দলে তাকে রাখেননি কোচ জিনেদিন জিদান।

মাঠে নামার আগে বেশ লম্বা ছুটিই কাটাতে পারছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাকে আরও কয়েকদিনের বিশ্রাম দিয়েছে রিয়াল। সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রে ম্যাচে খেলছেন না তিনি। আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে হোর্হে সাম্পাওলির দলকে স্বাগত জানাবে ইউরোপ চ্যাম্পিয়নরা।

শীতকালীন বিরতির পর রিয়ালের প্রথম ম্যাচে রোনালদো ছাড়াও থাকবেন না পেপে, সের্হিয়ো রামোস, লুকাস ভাসকেস, মাতিও কোভাচিচ ও গ্যারেথ বেল। শুধু পর্তুগিজ ফরোয়ার্ড ছাড়া সবাই ইনজুরিতে। রোনালদোর অনুপস্থিতিতে জায়গা হয়েছে নরওয়ের তারকা মার্টিন ওদেগার্দের।

কয়েক সপ্তাহের মধ্যে আরও দুইবার সেভিয়ার মুখোমুখি হতে হবে রিয়ালকে। ১২ জানুয়ারি কোপার দ্বিতীয় লেগ খেলবে তারা। তার তিনদিন পর লিগ প্রতিদ্বন্দ্বিতায় নামবে পয়েন্ট টেবিলের এক ও তিন নম্বর দলটি। সূত্র- গোলডটকম

/এফএইচএম/