বলিভিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে হেরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে বলে শঙ্কায় আছে আলবিসেলেস্তেরা। পাঁচ নম্বরে থাকলে অবশ্য প্লে অফ খেলে নিশ্চিত করতে হয় মূল পর্ব। যদিও আর্জেন্টিনার মতো তারকা সমৃদ্ধ দলের এই পরিস্থিতির মোকাবিলা করে বিশ্বকাপে জায়গা পাওয়াটা চরম হতাশাজনকই। তা ছাড়া অনেকে তো ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেখে দিচ্ছেন বাইরে! ব্রাজিলিয়ান রাইট ব্যাক আলভেস অবশ্য তাদের দলে নেই। তার বিশ্বাস আর্জেন্টিনা ঠিক উঠে যাবে মূল পর্বে।
মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সময় বার্সেলোনার হয়ে লড়াই করেছেন আলভেস। তাই লাতিন আমেরিকায় একে অন্যের ‘শত্রু’ হলেও ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্ব খুব মধুর। শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, ফুটবলের আকর্ষণের জন্যও আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ চিন্তা করতে পারছেন না আলভেস। ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা যে ঠিকই মূল পর্বে জায়গা করে নেবে, সেটা নিশ্চিত সবার আগে বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিলের এই রাইট ব্যাক, ‘আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে এবং নিশ্চিত করবে বিশ্বকাপ। ঐতিহ্যগতভাবে এই খেলাটার শক্তিশালী দল তারা, ইতিহাসকে আপনার ধরতেই হবে। তা ছাড়া তাদের দলে আছে বিশ্বসেরা সব খেলোয়াড়।’
বার্সেলোনার সাবেক দুই সতীর্থ মেসি ও হাভিয়ের মাসচেরানোর কথাও বলেছেন আলাদা করে। ‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে জুভেন্টাসের এই খেলোয়াড়ের ভাষায় যা এমন, ‘সেরা দলকে ছাড়া বিশ্বকাপ চিন্তা করাটা কঠিন। আর্জেন্টিনা মেসি, মাসচেরানো এবং আরও অনেক খেলোয়াড় পেয়েছে। তারা অবশ্যই থাকবে ওখানে (বিশ্বকাপে)। গোল ডটকম
/কেআর/