মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয়ে গোলপোস্টের নিচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বুফন। কিলিয়ান এমবাপ্পে, রাদামেল ফ্যালকাও ও ভালের জার্মেইনের শট রুখে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জুভেন্টাসের অভিজ্ঞ এ গোলরক্ষক। এ প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচ জুভদের গোল হজম না করার রেকর্ড গড়ায় তার অবদান অনস্বীকার্য। ঠিক এভাবেই দলের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান বুফন। বিশ্বজুড়ে সুনাম কুঁড়াতে চান তিনি। ব্যালন ডি’অর জয়ের চেয়ে ধারাবাহিকভাবে সফলতা ধরে রাখাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মোনাকোর বিপক্ষে জিতে তিন বছরে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এক পা রাখার পর বুফন জানালেন তার চাওয়া, ‘প্রত্যেক খেলায় প্রমাণ করতে চাই যে, বয়স বেশি হলেও শীর্ষ পর্যায়ে আমি খেলার উপযুক্ত। এ লক্ষ্যে আমি প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করি। যে দিন আমি অবসর নেব, আমি চাই মানুষ সেই দিন কষ্ট পাবে।’ সূত্র- গোলডটকম
/এফএইচএম/