বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকান অঞ্চলের লড়াইয়ে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।
২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উরুগুয়ে। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে পাঁচে আর্জেন্টিনা। দুই দলই এখনও অনিশ্চয়তার দোলাচলে। তবে সবচেয়ে বেশি শঙ্কায় আছে গতবারের রানার্সআপরা। তাই দুই দলই মরিয়া থাকবে জিততে। অবশ্য উরুগুয়ের জন্য দুঃসংবাদ- তারা গুরুত্বপূর্ণ এ ম্যাচে পাচ্ছে না তাদের তারকা স্ট্রাইকার লুই সুয়ারেসকে। অস্কার তাবারেসের দলের আক্রমণভাগ এখন সাজাতে হবে এডিনসন কাভানিকে ঘিরে। গত লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইতে ৪৩ গোল করেছেন। আর্জেন্টিনার রক্ষণভাগে হুমকি সৃষ্টির মতো ফর্মে আছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। এ লিগ মৌসুমেও ফরাসি ক্লাবের জার্সিতে ৪ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। তবে কাভানি যতই ফর্মে থাকুক না কেন সুয়ারেসকে না পাওয়া তাবারেসের জন্য বড় ধাক্কা।
এর আগে নিজ মাঠেই উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেসি করেছিলেন একমাত্র গোল। উরুগুয়ানদের জন্য তাই অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তিন নম্বরে থাকলেও টানা তিনটি বাছাইপর্ব হেরে তারাও শঙ্কায় রয়েছে। এক কথায় তাদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে আর্জেন্টিনা।
বাছাইপর্বের এ মিশনে এদিন নামছে ব্রাজিলও। আগেই রাশিয়ার টিকিট হাতে পাওয়া দলটি স্বাগত জানাবে ইকুয়েডরকে। ম্যাচটি পৌনে ৭টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১।
পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা কলম্বিয়া খেলবে ভেনেজুয়েলার মাঠে। উরুগুয়ের সমান ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে চিলি, তাদের মাঠে খেলবে প্যারাগুয়ে। অন্য ম্যাচে মুখোমুখি হবে পেরু-বলিভিয়া।