বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের গোলেই মীমাংসা হয়েছে ম্যাচের। ১৯ মিনিটে বিজেএমসিকে এগিয়ে দেন তপু। তাকে গোলটি বানিয়ে দেন কিংসলে ওশিওকা। তার হেড থেকে দারুণ এক ভলিতে ১-০ করেন তপু।
অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বিজেএমসি। ২২ মিনিটে মনডে ওসাগি হেডে লক্ষ্যভেদ করে রহমতগঞ্জকে ১-১ এ সমতায় ফেরান।
বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে আরেকবার লক্ষ্যভেদ করে বিজেএমসি। চমৎকার হেডে গোল করেন বাইবেক।
রহমতগঞ্জ হাল ছাড়েনি দ্বিতীয়ার্ধে। কিন্তু ফেরাতে পারেনি সমতা। যদিও পেনাল্টি থেকে তার সমতা ফেরাতে পারতো, হয়নি বিজেএমসি গোলরক্ষকের কারণে। বাইবেক ডিবক্সের মধ্যে হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পট কিক থেকে শট নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে প্রতিহত হন রহমতগঞ্জের জাত্তা মোস্তাফা।
মৌসুমের তৃতীয় হারে ৯ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১০, তাদের অবস্থান ছয় নম্বরে। আর বিজেএমসি তাদের দ্বিতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বর থেকে এক লাফে উঠে গেছে সাতে।