নতুন চুক্তি অনুযায়ী মেসি বার্সেলোনার থাকবেন ২০২১ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো।
আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০১৮ সালের জুনে। আগামী ১ জানুয়ারির মধ্যে নতুন চুক্তি না হলে অন্য ক্লাবের সঙ্গে আলাপ করতে পারতেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
বার্সেলোনা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা ও মেসির মধ্যে শনিবার সকালে নতুন চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী ২০২০-২১ মৌসুম পর্যন্ত আর্জেন্টাইন সুপারস্টারকে রেখে দেবে ক্লাব। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। নতুন এই চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন প্রথম দলের সঙ্গে ১৭ বছর কাটানো হয়ে যাবে ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের।’
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার ন্যু ক্যাম্পে এসেছিলেন মেসি। চার বছর পর বার্সেলোনার সঙ্গে শুরু হয় তার পেশাদার ক্যারিয়ার। গত ১৪ বছরে কাতালান জায়ান্টদের হয়ে ৬০২ ম্যাচ খেলেছেন, করেছেন ৫২৩ গোল। হাতে নিয়েছেন ৩০ ট্রফি। লা লিগায় ৮ বার, কোপা দেল রে ৫ বার ও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি। নতুন চুক্তিতে চার মৌসুম ন্যু ক্যাম্পে কাটাবেন তিনি, সাফল্যের পাল্লাটা আরও ভারী হবে বিশ্বাস তার ভক্তদের।