ক্লাসিকোতে বেশির ভাগ সময়ই হেঁটেছেন মেসি!

15142311608948লা লিগা মৌসুমের প্রথম এল ক্লাসিকো হয়ে গেলো গত শনিবার। যাতে লিওনেল মেসির নৈপুণ্যে ৩-০ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অথচ এই ম্যাচে তেমন একটা খাটতে হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে! তার পুরো ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে এ কথাই বলছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেরিওডিকো।

এল ক্লাসিকো শেষ হলেও রেশ কাটেনি এই ম্যাচের। কীভাবে কাতালানদের কাছে চ্যাম্পিয়নরা হারলো, সেটা নিয়ে চলছে বিশ্লেষণ। এল পেরিওডিকো তাদের বিশ্লেষণে খুঁজে পেয়েছে, ৯০ মিনিটের পারফরম্যান্সের বেশির ভাগ সময়ই হেঁটেছেন মেসি।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৩.১ শতাংশ সময় হেঁটে খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ‘জগিং’ করেছেন ১০.৮ শতাংশ, দৌড়ে খেলেছেন ৪.৯৫ শতাংশ আর সর্বশক্তি দিয়ে দৌড় অর্থাৎ ‘স্প্রিন্টিং’ ছিল ১.১৫ শতাংশ সময়।

এমন ‘আলসে’ পারফরম্যান্স করেও রিয়ালের চেয়ে এগিয়ে ছিলেন মেসি। কেবল একাই সফল ড্রিবলিং (৬টি) করেছেন রিয়ালের (২) চেয়ে তিনগুণ বেশি। এছাড়া গোল করেছেন একটি, অ্যালেইক্স ভিদালকে দিয়ে করান আরও একটি গোল এবং সুযোগও তৈরী করেছিলেন বেশ কয়েকবার; সবই রিয়ালের চেয়ে বেশি।

বিশ্লেষকরা বলছেন, ঠিক সময়ের সদ্ব্যবহারের জন্য শক্তি জমা রাখতেই ম্যাচের বেশির ভাগ সময় হাঁটার মধ্যে থাকেন মেসি। এই লিগ মৌসুমে বার্সার একমাত্র আউটফিল্ড খেলোয়াড় হিসেবে প্রত্যেক ম্যাচ খেলেছেন তিনি।