স্প্যানিশ লা লিগা তাদের নিজস্ব ফেসবুক পেজে লাল সবুজ পতাকার ছবি পোস্ট করেছে, যার মাঝে লেখা ‘শুভ স্বাধীনতা দিবস’।
লা লিগার ফেসবুকের পোস্টটি অবশ্য কাস্টম করা। বাংলাদেশ ছাড়া আর কোনও দেশ থেকে এই পোস্ট দেখা যাচ্ছে না। তবে সুদূর স্পেন থেকে বাংলাদেশকে তাদের শুভেচ্ছা জানানো ফুটবল ভক্তদের জন্য কম পাওয়া নয়।
বাংলাদেশিরা কতটা ফুটবল পাগল, বিশেষ করে মেসি ও রোলানদোর জাদুতে কতটা মুগ্ধ, সেটা অজানা নয় লা লিগা কর্তৃপক্ষের। তারই সূত্র ধরে ফেসবুকে পোস্টটি দিয়ে লা লিগা বাংলাদেশের মানুষের কতটা ভালোবাসা পেয়েছে, সেটা মন্তব্যের ঘরে চোখ রাখলেই বোঝা যাচ্ছে।
সোমবার সকাল ১১টার পরে দেওয়া পোস্টটিতে ‘রিয়্যাক্ট’ পড়েছে ৪০ হাজারের বেশি। শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৭ হাজার। আর মন্তব্যের ঘর ভরে গেছে ধন্যবাদের বার্তায়। একজন মন্তব্য করেছেন, ‘লা লিগার খেলা দেখাটা সার্থক। যারা আমাদের দেশকে সম্মান করবে, আমরাও তাদের সঙ্গে আছি এবং থাকবো।’
এর আগে কাঠমান্ডু ট্র্যাজেডির পরদিন গত ১৩ মার্চ সমবেদনা জানিয়ে পোস্ট করেছিল লা লিগা।