প্রশ্ন উঠতে পারে হঠাৎ লিভারপুল-ম্যানইউয়ের দ্বৈরথ নিয়ে আলোচনা? না, আপাতত চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের কোনও লড়াই নেই। তবে ম্যানচেস্টারেরই আরেক ক্লাব সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল মঞ্চায়িত হচ্ছে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে। অ্যানফিল্ডের তাই ফুটবল ‘যুদ্ধ’। যে লড়াই সরাসরি দেখা যাবে ‘সনি টেন টু’ চ্যানেলে।
‘অল ইংলিশ’ কোয়ার্টার ফাইনালের উত্তাপ গায়ে মাখতে প্রস্তুত গোটা ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়নস লিগে প্রথমবার সাক্ষাৎ বলে কথা! চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালের আগে কখনও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা হয়নি তাদের। আসলে ইংলিশ প্রথম বিভাগ ফুটবল প্রিমিয়ার লিগ নাম ধারণের পর থেকে পারফরম্যান্স নিম্নগামী লিভারপুলের। ওদিকে ম্যানসিটিও আবুধাবির মালিকের ছোঁয়ায় সাফল্য পেতে শুরু করেছে গেল কয়েক বছর ধরে।
লিভারপুল-ম্যানসিটির দ্বৈরথও উত্তাপ ছড়াতে শুরু করেছে গত কয়েক মৌসুম ধরে। এবারের উত্তাপ সম্ভবত সবচেয়ে বেশি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপার প্রায় কাছে চলে গিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি। তবে চলতি মৌসুমে একমাত্র হারটি কিন্তু তাদের এই লিভারপুলের বিপক্ষেই! তাছাড়া আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করে অলরেডরাও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনছে একটু একটু করে।
ফর্মের তুঙ্গে আছে লিভারপুলের আক্রমণত্রয়ী মোহাম্মদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানে। সালাহর কথা আলাদা করতে বলতেই হবে। মিশরীয় এই ফরোয়ার্ড স্বপ্নের মতো এক মৌসুম পার করছেন। প্রিমিয়ার লিগের সবশেষ দুই ম্যাচে তার গোল ৫টি। ওয়াটফোর্ডের বিপক্ষে লিভারপুলের ৫-০ গোলে জেতা ম্যাচে একাই লক্ষ্যভেদ করেছেন চারবার! সেই ফর্ম নিয়েই নামছেন তিনি চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে। ম্যানসিটিও বা কম কীসে! সের্হিয়ো আগুয়েরো, গাব্রিয়েল হেসুস, রহিম স্টারলিং, লেরয় সান গোল বন্যায় ভাসাচ্ছেন প্রতিপক্ষদের। অ্যানফিল্ডের ম্যাচে অবশ্য গার্দিওলা পাচ্ছেন না আগুয়েরোকে। হাঁটুর চোট থেকে সেরে ওঠার কাজ করছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবার দেখা হলেও দুই প্রতিপক্ষের একে অন্যকে খুব চেনা। যেখানে জয়ের পরিসংখ্যানে লিভারপুল অনেক এগিয়ে। ঘরোয়া ফুটবলে অলরেডরা ৮৭ জয়ের বিপরীতে হেরেছে ৪৫টিতে, আর ড্র করেছে ৪৬ ম্যাচ।
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ম্যানসিটিকে সামান্য এগিয়ে রাখা হলেও এই লিভারপুলেও ভোট দিচ্ছেন অনেকে। ম্যানসিটির বিপক্ষে লড়াইয়ের আগে প্রতিপক্ষ নয়, বরং নিজেদের খেলার দিকেই নজর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের, ‘এই প্রতিযোগিতায় যতটা সম্ভব, আমরা যেতে চাই। সে কারণে আমাদের বিশ্বের সেরা দলের বিপক্ষে মুখোমুখি হতেই হবে। সিটির আত্মবিশ্বাস এখন অবিশ্বাস্যরকম উপরে, তবে আমরাও এই মুহূর্তে ভালো অবস্থানে আছি। এটা অনেক বড় সুযোগ, আমরা জয়ের জন্য সবকিছু করব।’
ম্যানসিটি কোচ গার্দিওলা অবশ্য লিভারপুল নিয়ে খুব বেশি বলতে চাননি, ‘প্রত্যেকেই বলাবলি করছে, লিভারপুল কতটা শক্তিশালী দল। তবে এটাও মনে রাখতে হবে একই রকম কঠিন বার্সেলোনা, বায়ার্ন কিংবা সেভিয়া। কোয়ার্টার ফাইনালে আপনাকে বিশ্বের কঠিন কোনও দলের মুখোমুখি হতেই হবে।’
তবে উত্তেজনা বেশি ছড়াচ্ছে সম্ভবত দুই ইংলিশ প্রতিপক্ষ মুখোমুখি হওয়ার কারণে। সেই সঙ্গে গত জানুয়ারির অ্যানফিল্ডের ম্যাচটিও চলে আসছে সামনে। ৭ গোলের থ্রিলারে সবশেষ মুখোমুখি লড়াইয়ে যেখানে ৪-৩ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছিল লিভারপুল। অ্যানফিল্ডের চ্যাম্পিয়নস লিগ যুদ্ধে সেই প্রতিশোধের বিষয়টিও তো থাকছে ম্যানসিটির সামনে।