গত ফেব্রুয়ারির শেষ দিকে লিগ ওয়ানে মার্শেইর বিপক্ষে তার পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। তারপর থেকে বলে পা লাগাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।
বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডকে সেরে উঠতে যেতে হয়েছে অস্ত্রোপচার কক্ষে। ব্রাজিলে পরের সময়টা পুনর্বাসনে কাটাচ্ছেন নেইমার। দুই দিন আগে ব্রাজিল টিমের চিকিৎসক রদ্রিগো লাসমার তার অগ্রগতির কথা জানান। এবার পিএসজিও দিলো সুখবর।
এক বিবৃতিতে ফরাসি চ্যাম্পিয়নরা জানায়, ‘শনিবার দুই চিকিৎসক এরিক রোল্যান্ড (পিএসজি) ও রদ্রিগো লাসমার (ব্রাজিল জাতীয় দল) নেইমারের স্বাস্থ্য পরীক্ষা করেছেন ব্রাজিলে। এই পরীক্ষা নিশ্চিত করেছে, তার ডান পায়ের পাতা ও গোড়ালির চোটের চমৎকার অগ্রগতি হচ্ছে। তার পায়ের রক্ষায় ব্যবহার করা সব ধরনের সরঞ্জাম সরানো হয়েছে।’
আগামী বৃহস্পতিবার নেইমারের প্যারিসে আসার সম্ভাবনা জানিয়েছে পিএসজি, ‘ব্রাজিলে আগামী কয়েক দিনের মধ্যে পুনর্বাসন শেষ হবে তার এবং এরপর আসবে ওরেদু ট্রেনিং সেন্টারে (পিএসজির ক্যাম্প)।’ গোল ডটকম, ইএসপিএনএফসি