কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ২৫ ও ৩৫ মিনিটে দুই গোল করে টাঙ্গাইলের সাফল্যে সবচেয়ে বড় অবদান শাহেদার। দ্বিতীয়ার্ধের শুরুতে উন্নতি খাতুনের গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ঠাকুরগাঁওয়ের। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল টাঙ্গাইল, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি।
তবু খুশি টাঙ্গাইলের কোচ গোলাম রায়হান বাপন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এ প্রতিযোগিতায় মেয়েদের দল নিয়ে এটাই আমার প্রথম সাফল্য। যুব গেমসের পরই দল নিয়ে কাজ শুরু করি। দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে শিরোপা জিতে খুব খুশি হয়েছি।’
ঠাকুরগাঁওয়ের কোচ জয়নুল ইসলাম হারের জন্য দুর্ভাগ্যকে দায়ী করলেন ম্যাচশেষে, ‘গতকাল রাতে আমাদের দলের চার ফুটবলারের পেট খারাপ হয়ে যায়। তাই আজ তারা স্বাভাবিক খেলা খেলতে পারেনি, আর সেজন্য আমরা হেরেছি।’
৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছে শাহেদা।