দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২১তম আসর। তার আগের প্রতিযোগিতাটিগুলো কেমন ছিল, কারাই বা চ্যাম্পিয়ন হয়েছিল- ফুটবল উৎসবের বানে ভেসে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক সেখানে-
১৯৫৪ সালের বিশ্বকাপটা আরও একটি কারণে ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে আছে। সেটা হলো ফেরেঙ্ক পুসকাসের হাঙ্গেরির হাহাকারের দৃশ্য। গ্রুপ পর্বে যে পশ্চিম জার্মানিকে উড়িয়ে দিয়েছিল তারা ৮-৩ গোলে, সেই জার্মানদের বিপক্ষে হেরেই হৃদয়ে রক্তক্ষরণ হাঙ্গেরিয়ানদের। ফাইনালে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে জার্মানরা।
বয়কট: তৃতীয়বারের মতো বিশ্বকাপ বয়কট করে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটি বাছাই পর্বে অংশই নেয়নি।
একনজরে:
আয়োজক: সুইজারল্যান্ড
মোট দল: ১৬
ভেন্যু: ৬
চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি
রানার্স-আপ: হাঙ্গেরি
মোট ম্যাচ: ২৬
মোট গোল: ১৪০
সর্বোচ্চ গোলদাতা: সান্দর কোচিস (হাঙ্গেরি), ১১ গোল।
ফরম্যাট: ১৯৫৪ সালের বিশ্বকাপের ফরম্যাটে ছিল নতুনত্ব। ১৬ দল চার গ্রুপে ভাগ হলেও প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে খেলেনি। বাছাই হিসেবে দলগুলো মুখোমুখি হয়েছে একে অন্যের। সুইজারল্যান্ডের এই বিশ্বকাপে গ্রুপে পর্বেই রাখা হয়েছিল অতিরিক্ত সময়। গ্রুপে কোনও দলের খেলা ড্রতে শেষ হলে ফল নিষ্পত্তির জন্য ছিল অতিরিক্ত সময়। গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নিয়েছিল নকআউট পর্বে। তবে দুই দলের পয়েন্ট সমান হলে পরের রাউন্ডের জায়গা নির্ধারণে রাখা হয়েছিল প্লে অফ ম্যাচ।
কোয়ার্টার ফাইনাল: এই বিশ্বকাপের নকআউট পর্ব শুরুই হয়েছিল কোয়ার্টার ফাইনাল দিয়ে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আট দল পায় শেষ আটের টিকিট। কোয়ার্টার ফাইনালের মঞ্চে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় হাঙ্গেরি। আগেরবারের চ্যাম্পিয়ন উরুগুয়েও একই ব্যবধানে হারায় ইংল্যান্ডকে। স্বাগতিক সুইজারল্যান্ডকে ৭-৫ গোলে হারিয়ে সেমিতে ওঠে অস্ট্রিয়া। আর পশ্চিম জার্মানি ২-০ গোলে হারায় যুগোস্লাভিয়াকে।
সেমিফাইনাল: শেষ চারের লড়াইয়ে পশ্চিম জার্মানির সামনে পাত্তাই পায়নি অস্ট্রিয়া। তাদের ৬-১ গোলে উড়িয়ে শিরোপা জেতার মঞ্চে ওঠে জার্মানরা। আর অতিরিক্ত সময়ে গড়ানো অন্য সেমিফাইনালে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় হাঙ্গেরি।
ফাইনাল: গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিল হাঙ্গেরি। ফেরেঙ্ক পুসকাস ছিলেন ফর্মের তুঙ্গে। তাছাড়া গ্রুপ পর্বে যেহেতু জার্মানিকে উড়িয়ে দিয়েছিল, তাই বিশ্বকাপ হাঙ্গেরির ঘরে যাচ্ছে বলেই ধরে নিয়েছিল সবাই। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে শিরোপা উৎসব করে পশ্চিম জার্মানি।
পুসকাসের গোলে ষষ্ঠ মিনিটে হাঙ্গেরি এগিয়ে গেলে ফেভারিটের মতোই শুরু করে তারা। মিনিট দুয়েক পর জোল্তান সিজিবোর জাল খুঁজে পেলে বিশ্বকাপ ট্রফি নিজেদের হাতে দেখছিল হাঙ্গেরি। কিন্তু ১০ মিনিটে মাক্সিমিলান মোরলকের লক্ষ্যভেদের পর হেলমাট রানের ১৮ মিনিটের গোলে ২-২-এ সমতায় ফেরে পশ্চিম জার্মানি। এরপর ৮৪ মিনিটে রানের দ্বিতীয় লক্ষ্যভেদে ৩-২ গোলের নাটকীয় জয়ে প্রথম শিরোপা উৎসবে মাতে জার্মানরা।