২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘বি’ গ্রুপের ইরানকে নিয়ে-
নিজেদের রক্ষণ এতটা শক্তিশালী রেখেছিল যে, শেষ ম্যাচের আগে কোনও প্রতিপক্ষ একবারের জন্যও বল জড়াতে পারেনি তাদের জালে। সিরিয়ার বিপক্ষে দশম ও শেষ ম্যাচে যখন গোল হজম করে ইরান, ততদিনে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে তাদের। কোচ কার্লোস কুইরোস তার রক্ষণ ঠিক রেখে, কার্যকরী মাঝমাঠ ব্যবহার করে গড়ে তুলেছেন ভারসাম্যপূর্ণ এক দল। এখন বিশ্বকাপে আরও একধাপ এগিয়ে যাওয়ার পালা ইরানের।
একনজরে:
অধিনায়ক: মাসুদ শোজাই
কোচ: কার্লোস কুইরোস
ডাকনাম: টিম মেল্লি
র্যাংকিং: ৩৬ (জুন ৭ পর্যন্ত)
ফিরে দেখা বাছাই পর্ব:
বাছাই পর্বের দ্বিতীয় দল হিসেবে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ইরান। আয়োজক রাশিয়া এমনিতেই নিশ্চিত করেছিল মূল পর্বে, এরপর বাছাই পর্বে প্রথম দল হিসেবে ব্রাজিল নাম লেখায় ২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পর ইরান পায় বিশ্বকাপের টিকিট।
খুব সহজেই বাছাই পর্ব উতরে যায় ইরান। তাদের বিশ্বকাপে সুযোগ না পাওয়ার সামান্যতম শঙ্কাও কখনও উঁকি দেয়নি। বাছাই পর্বের দশম ম্যাচে আগের একটি গোলও হজম করেনি তারা। দশম ম্যাচে এসে যখন প্রথমবার প্রতিপক্ষ তাদের জালে বল জড়ায়, ততক্ষণে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে ‘টিম মেল্লি’র।
ইরানের বিশ্বকাপ গ্রুপ:
গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা দিতে হবে ইরানকে। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন ও গতবারের ইউরো জয়ী পর্তুগাল। অন্য প্রতিপক্ষ আফ্রিকার বাছাই পর্বে দারুণ পারফরম করে আসা মরক্কো।
ইরানের বিশ্বকাপ সূচি:
ইরানের বিশ্বকাপ শুরু হবে মরক্বোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৫ জুন নিজেদের উদ্বোধনী ম্যাচের পর ২০ জুন মুখোমুখি হবে শক্তিশালী স্পেনের। আর ২৫ জুন গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
১৫ জুন: মরক্কো
২০ জুন: স্পেন
২৫ জুন: পর্তুগাল
সর্দার আজমুন: ২০১৫ সালের এশিয়ান কাপের পর ইরানের সেরা ফরোয়ার্ডে পরিণত হয়েছেন আজমুন। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন খেলছেন রাশিয়ান ক্লাব রুবিন কাজানে। বিশ্বকাপ রাশিয়ায় বলে তার কাছে চাওয়া আরও বেশি। বাতাসে যেমন তিনি দুর্দান্ত, তেমনি শুটিং ও পাসিংয়েও মন জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের।
আলিরেজা জাহানবকশ: দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামছেন জাহানবকশ। নেদারল্যান্ডসের ঘরোয়া লিগে এজেড-এর হয়ে চমৎকার এক মৌসুম কাটিয়ে রাশিয়ায় নামতে যাচ্ছেন এই উইঙ্গার। গতি ও কার্যকর ২৪ বছর বয়সী এই তরুণ দুই উইংয়ের সঙ্গে স্ট্রাইকারের পেছনেও খেলতে পারেন।
ফুটবল মহাযজ্ঞে থাকছেন না:
ইরানের হয়ে ১৫১ ম্যাচ খেলেছেন জাভেদ নেকুনাম। গত বিশ্বকাপে খেলেছেন ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না তাকে। আরেক মিডফিল্ডার আন্দ্রানিক তিমোরিয়ান এ বছরে কোনও ম্যাচ খেলেননি ইরানের জার্সিতে।
শক্তি: রক্ষণভাগ।
দুর্বলতা: ফরোয়ার্ড।
ভবিষ্যদ্বাণী: গ্রুপ পর্ব।
৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: আলিরেজা বিরানবান্দ, মোহাম্মদ রশিদ মাজাহেরি, আমির আবেদজাদেহ।
ডিফেন্ডার: পেজমান মন্তাজেরি, রামিন রেজাইয়ান, মোর্তেজা পল্লিগানজী, মিলাদ মোহাম্মাদী, মোহাম্মদ রেজা খানজাদেহ, রুজবেহ চেশমি, মজিদ হোসেইনি।
মিডফিল্ডার: এহসান হাজসাফি, মাসুদ শোজাই, আশকান দেজাগাহ, ভাহিদ আমিরি, ওমিদ এব্রাহিমি, সাঈদ এজাতোহালি, মেহেদি তোরাবি, সামান ঘোদদো, আলি ঘোলিজাদেহ।
ফরোয়ার্ড: করিম আনসারিফার্দ, রেজা ঘুচনেজহাদ, আলিরেজা জাহানবকশ, সর্দার আজমুন, মেহেদি তারেমি।