বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় লা বোম্বোনেরায় হাইতির মুখোমুখি হবে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা। বিশ্বকাপের আগে এটাই হবে আর্জেন্টিনায় লিওনেল মেসিদের শেষ প্রস্তুতি।
বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচে হাইতিকে বেছে নেওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে, বড় জয় নিয়ে দেশ ছাড়তে চায় আর্জেন্টিনা। এতে তাদের আত্মবিশ্বাসের পালেও লাগবে বড় হাওয়া।
বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে মেসির জাদুতে ইকুয়েডরকে হারিয়ে রাশিয়ার টিকিট পায় আর্জেন্টিনা। কিন্তু দলটির ওপর দেশবাসী আস্থা আবার হারিয়েছে স্পেনের বিপক্ষে সবশেষ ম্যাচে ৬-১ গোলে হারের পর। সেই আস্থা পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখা হচ্ছে হাইতির বিপক্ষে এই ম্যাচকে।
বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচে বড় জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না আর্জেন্টিনা। এজন্য মেসি-হিগুয়েইনদের নিয়ে শক্তিশালী দল নামাচ্ছেন হোর্হে সাম্পাওলি।
২০১০ সালের বিশ্বকাপের আগে হাইতির বিপক্ষে একমাত্র ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, জিতেছিল ৪-০ গোলে। এবার আরও বড় ব্যবধানেই জিততে চায় তারা। নয়তো সেটা হবে তাদের জন্য অস্বস্তিকর। স্কোরটা উড়িয়ে দেওয়ার মতো না হলে মিডিয়া ও ভক্তদের চাপের ব্যাপারও রয়েছে।
১০৮তম র্যাংকিংয়ের দলের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় প্রত্যাশিত। মেসি-হিগুয়েইনরা ভালো করেই জানেন, দেশবাসীর মুখের হাসি দেখে দেশ ছাড়ার এটাই তো শেষ সুযোগ। নিজেদের শক্তি-সামর্থ্যের পরীক্ষাও হয়ে যাবে তাদের। প্রত্যাশিত জয় পেয়ে গেলে সঙ্গী হবে আত্মবিশ্বাসও।