সালাহকে নিয়ে সুখবর দিলো মিশর

সালাহবিশ্বকাপে দেখা যাবে মোহাম্মদ সালাহকে, তবে পুরোটা সময় নয়। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পাওয়া কাঁধের চোট সর্বোচ্চ তিন সপ্তাহ মাঠের বাইরে রাখবে তাকে।

ইএফএ ফেসবুক পেজ জানায়, ‘চিকিৎসক মোহাম্মদ আবু উলা নিশ্চিত করেছেন, ইনজুরির কারণে সালাহর অনুপস্থিতিতি তিন সপ্তাহের বেশি হবে না।’

এই সময়ে ‘এ’ গ্রুপে সালাহ খেলতে পারবেন না প্রথম দুই ম্যাচ। ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে হয়তো দেখা যেতে পারে তাকে। অবশ্য মিশর নকআউট পর্বে উঠলে তার বিশ্বকাপে খেলার সুযোগটা বাড়বে আরও।

বুধবার লিভারপুলের রুবেন পন্স জানান, প্রাথমিকভাবে এক মাসের জন্য সালাহর ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু চিকিৎসা ঠিকভাবে চললে আরও দ্রুত হতে পারে তার ফেরা।

আগামী ২০ জুনের মধ্যে সালাহকে মাঠে দেখা যাবে প্রত্যাশা করা হচ্ছে। চিকিৎসা নিতে স্পেন গিয়েছিলেন তিনি। তবে বুধবারই দলের সঙ্গে যোগ দেন। সেখানে আপাতত দর্শক হয়ে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়। ইএসপিএনএফসি