পায়ের চোট পুরোপুরি সেরে ওঠেনি নেইমারের। প্যারিস সেন্ত জার্মেইর স্ট্রাইকার অবশ্য আত্মবিশ্বাসী।
লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার আগে নেইমার বলেছিলেন এক সপ্তাহের ট্রেনিংয়ে তিনি পুরো ফিটনেস ফিরে পাননি। তবে ১৪ জুন প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন আশাবাদী বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড।
আগামী রবিবার লিভারপুলে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। বৃহস্পতিবারের অনুশীলনে ব্রাজিল কোচ তিতে সামনে রেখেছিলেন ফিলিপ্পে কৌতিনিয়ো ও গাব্রিয়েল হেসুসকে। মারকুইনিয়োর জায়গায় অনুশীলন দলে ছিলেন থিয়াগো সিলভা।
তার আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, মিডফিল্ডার রেনাতো অগাস্তো হাঁটুর চোটে পড়েছেন। এনফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে নাও দেখা যেতে পারে। ৩০ বছর বয়সী অগাস্তোকে বিশ্রাম দেওয়া হতে পারে পারে।
গত সোমবার থেকে টটেনহ্যামের ট্রেনিং সেন্টারে অনুশীলন করছে ব্রাজিল, চলবে ৮ জুন পর্যন্ত। আগামী ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলবে তারা। ইএসপিএনএফসি