৩২ দলের অঙ্ক

অঘটন ঘটিয়ে দিতে পারে ডেনমার্ক

২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘সি’ গ্রুপের ডেনমার্ককে নিয়ে-

ডেনমার্ক ফুটবল দলপ্রত্যেক বিশ্বকাপেই এমন কিছু দল থাকে। যারা বিশ্বকাপ জিতেবে না, তবে সম্ভাবনা আছে এমন দলকে বিদায় করে দেয়। রাশিয়া বিশ্বকাপে সেই দলের তালিকার শুরুর দিকে রাখতে হবে ডেনমার্ককে। শারীরিক গড়নে দীর্ঘ ও প্রচন্ড কর্মক্ষমতা থাকায় প্রতিপক্ষরা কঠিন পরীক্ষায় পড়বে তাদের সামনে। ব্রাজিল বিশ্বকাপে দর্শক হয়ে থাকার পর আবার ফিরেছে তারা ফুটবল মহাযজ্ঞে।

বাছাই পর্বে নতুন কোচ ওগে হারাইদের অধীনে শুরুটা হয়েছিল নড়বড়ে। পোল্যান্ডের পেছনে থেকে গ্রুপের খেলা শেষ করায় প্লে অফ খেলে যেতে হয়েছে তাদের বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্লে অফে অবশ্য দাপুটে ডেনমার্ককে পাওয়া গেছে। যদিও ১৯৮৬ সালের ‘ডায়নামাইট’ দল কিংবা ১৯৯৮ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ডেনমার্কের মতো নয় এবারের দলটি। তবে ক্রিস্টিয়ান এরিকসেনের মতো খেলোয়াড় থাকায় স্বপ্ন তাদের ছোট নয়। টটেনহামের এই প্লে মেকারকে যে কোনও দল সমীহ করে ও ভয় পায়। বাছাই পর্বের প্লে অফেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এরিকসেন।

একনজরে:

অধিনায়ক: সিমন কিয়া

কোচ: ওগে হারাইদে

ডাকনাম: রেড অ্যান্ড হোয়াইট

র‌্যাংকিং: ১২ (জুন ৭ পর্যন্ত)

ফিরে দেখা বাছাই পর্ব:

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন পোল্যান্ডের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে থাকায় প্লে অফে খেলতে হয় আয়ারল্যান্ডের বিপক্ষে। দুই লেগের প্লে অফ জিতে বিশ্বকাপ নিশ্চিত করে ডেনমার্ক। আইরিশদের বিপক্ষে ঘরের মাঠ কোপেনহেগেনের প্রথম লেগ গোলশূন্য ড্র করায় রাশিয়ার স্বপ্ন ধূসর হয়ে যায় ডেনিশদের। তবে আয়ারল্যান্ডের মাঠে গিয়েই দেখা গেছে তাদের সামর্থ্য। ডাবলিনের ম্যাচে ৫-১ গোলের দাপুটে জয়ে নিশ্চিত করে ২০১৮ সালের বিশ্বকাপ।

ডেনমার্কের বিশ্বকাপ গ্রুপ:

বিশ্বকাপের ডেনমার্ক রয়েছে ‘সি’ গ্রুপে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ তাদের ফ্রান্স। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও পেরু।

ডেনমার্কের বিশ্বকাপ সূচি:

১৬ জুন ডেনমার্কের বিশ্বকাপ শুরু হবে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে। পাঁচ দিন পর দ্বিতীয় ম্যাচে নামবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ তারকাসমৃদ্ধ দল ফ্রান্স।

ক্রিস্টিয়ান এরিকসেননজরে থাকবেন:

ক্রিস্টিয়ান এরিকসেন: টটেনহাম প্লে মেকার তার প্রতিভা ও পারফরম্যান্স দিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন। ২০১০ সালে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর চারবার জিতেছেন ডেনমার্কের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে ১১ গোল করে ক্রিস্টিয়ান এরিকসেন নামতে যাচ্ছেন মূল পর্বে। তার হ্যাটট্রিকেই প্লে অফে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয় ডেনমার্ক।

শক্তি: মাঝমাঠ।

দুর্বলতা: রক্ষণ।

ভবিষ্যদ্বাণী: শেষ ষোলো।

৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: ক্যাসপার স্মাইকেল, ফ্রেদেরিক রোয়েনো, ইয়োনাস লোসল।

ডিফেন্ডার: সিমন কিয়া, পিটার আনকেরসেন, মাথিয়াস ইয়োরগেনসেন, ইয়েন্স স্ট্রাইগার লারসেন, ইয়োনাস ক্লুদসেন, আন্ড্রেয়াস বিল্যান্ড, ইয়ানিক ক্রিস্টিনসেন, হেনরিখ ডালসগার্ড।

মিডফিল্ডার: উইলিয়াম  কেভিস্ট, ক্রিস্টিয়ান এরিকসেন, লাস স্কোনি, থোমাস ডিলানি, পাওনি সিস্টো, মাইক ইয়েনসেন, লুকাস লিরাগার, মাইকেল ক্রোন-দেলি।

ফরোয়ার্ড: নিকলাস বেন্ডনার, নিকোলাই ইয়োরগেনসেন, ইউসুফ পলসেন, আন্ড্রেয়াস করনেলিয়াস, মার্টিন ব্র্যাথওয়েট, ভিক্টর ফিশার, ক্যাসপার ডোলবার্গ।