২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘ডি’ গ্রুপের আইসল্যান্ডকে নিয়ে-
কোনও অঘটন ঘটিয়ে যে রাশিয়ার টিকিট পায়নি, তার প্রমাণ রেখেছে তারা ২০১৬ সালের ইউরোতে। প্রথমবার ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় নেমেই করেছে বাজিমাত। ইংল্যান্ডের মতো দলকে বিদায় করে দিয়ে আইসল্যান্ড জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপে তাই তাদের দিকে থাকবে আলাদা নজর।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়েও দুর্দান্ত পারফর্ম করেছে আইসল্যান্ড। ক্রোয়েশিয়ার মতো দলকে পেছনে ফেলে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি নিশ্চিত করে বিশ্বকাপ। রাশিয়ার আসরের গ্রুপ পর্বে অবশ্য কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাদের। প্রতিপক্ষ হিসেবে ক্রোয়েশিয়ার সঙ্গে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নাইজেরিয়া।
বিশ্বকাপ জয়ের সপ্ন তারা দেখে না, তবে ফেভারিট কাউকে বিদায় করে দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে খুব ভালো মতো। ২০১৬ সালের ইউরোতে ইংল্যান্ড যার বলি হয়েছিল। ফুটবলের বিশ্ব আসরেও সেই আশাই করছে আইসল্যান্ডের সাড়ে তিন লাখ মানুষ।
একনজরে:
অধিনায়ক: অ্যারন গানারসন
কোচ: হেইমির হ্যালাগ্রিমসন
ডাকনাম: স্ট্র্যাকার্নির ওক্কার (আওয়ার বয়েজ)
র্যাংকিং: ২২ (জুন ৭ পর্যন্ত)
ফিরে দেখা বাছাই পর্ব:
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে আইসল্যান্ড। ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পায় রাশিয়ার টিকিট। ক্রোয়েশিয়ার মতো দলকে পেছনে রেখে চ্যাম্পিয়ন হয় তারা। শেষ দুই রাউন্ডের আগে ভাবা হয়েছিল বিশ্বকাপে জায়গা পেতে হলে প্লে অফ খেলতে হবে তাদের। কিন্তু তুরস্কের মাঠ থেকে তাদের ৩-০ গোলের জয় এবং ঘরের মাঠে ক্রোয়েশিয়া ১-১ গোলে ফিনল্যান্ডের সঙ্গে ড্র করলে সম্ভাবনা তৈরি হয় সরাসরি যাওয়ার। বাছাই পর্বের শেষ ম্যাচে কোসভোকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফুটবল মহাযজ্ঞে উঠে যায় আইসল্যান্ড।
আইসল্যান্ডের বিশ্বকাপ গ্রুপ:
প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই কঠিন গ্রুপে পড়েছে আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লড়তে হবে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার মতো দলের বিপক্ষেও।
আইসল্যান্ডের বিশ্বকাপ সূচি:
বিশ্বকাপের শুরুতেই অগ্নিপরীক্ষা। ১৬ জুন নিজেদের উদ্বোধনী ম্যাচে আইসল্যান্ডের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। ২২ জুন প্রতিপক্ষ নাইজেরিয়া। আর ২৬ জুন গ্রুপের শেষ ম্যাচে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
১৬ জুন: আর্জেন্টিনা
২২ জুন: নাইজেরিয়া
২৬ জুন: ক্রোয়েশিয়া
গেলফি সিগার্ডসন: হাঁটুর চোটে ভুগছেন তিনি। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপে নামতে না পারেন সিগার্ডসন, তা হবে আইসল্যান্ডের জন্য চরম এক ধাক্কার। এই অ্যাটাকিং মিডফিল্ডার না থাকলে কী হয়, সেটা খুব ভালো করে বুঝেছে প্রথমবার বিশ্বকাপে নামতে যাওয়া দলটি।
শক্তি: দুর্দান্ত গতি ও উচ্চতা।
দুর্বলতা: মাঝমাঠ।
ভবিষ্যদ্বাণী: গ্রুপ পর্ব
চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: হান্নেস থর হালডোরসন, রুনার আলেক্স রুনারসন, ফ্রেডেরিক স্রাম; ডিফেন্ডার: ক্যারি অ্যার্নারসন, অ্যারি ফ্রিয়ার স্কুলাসন, বিরকির মার সায়েভারসন, সভেরির ইগনি ইনগাসন, হর্ডুর ম্যাগনুসন, হলমার অর্ন এয়োলফসন, র্যাগনার সিগার্ডসন; মিডফিল্ডার: ইয়োহান বের্গ গাডমান্ডসন, বিরকির বিয়ারনাসন, আরনর ইঙ্কভি ট্রাস্টাসন, এমিল হালফ্রেডসন, গেলফি সিগার্ডসন, অলাফার ইনগি স্কুলাসন, রুরিক গিসলাসন, স্যামুয়েল ফ্রিডিয়োনসন, অ্যারন গানারসন, ফরোয়ার্ড: আলফ্রেড ফিনবোগাসন, বিয়র্ন বের্গমান সিগার্ডাসন, ইয়োন ড্যাডি বোডভারসন, আলবার্ট গাডমান্ডসন।