প্রায় দুই বছর আগে ব্রাজিলের দায়িত্ব নেন তিতে। তার অধীনে ২০ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে দল। কিন্তু সম্প্রতি ইনজুরিতে জর্জরিত দলে কয়েকটি পরিবর্তন আনতে হয়েছে তাকে।
অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পুরো শক্তিশালী দলকে পাওয়ার আশা তিতের। ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে পেলে বলেছেন, ‘তিতের সামর্থ্যে আমার পুরো আস্থা আছে। কিন্তু আমার দুশ্চিন্তা একটা ব্যাপার নিয়ে; বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন এবং এখনও আমাদের সঠিক দলটি নেই। ব্যক্তিগতভাবে সব খেলোয়াড় খুব ভালো। কিন্তু আমরা একটি দল নই।’ এই বছর মাত্র তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচটি ছিল রাশিয়ার বিপক্ষে গত ২৩ মার্চ।
তবে নেইমার ইনজুরি থেকে ফিরে দারুণ পারফরম্যান্স করায় উচ্ছ্বসিত পেলে। ফেব্রুয়ারির পর প্রথমবার মাঠে নামেন ব্রাজিলের জার্সিতে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলকে এগিয়ে দেন পিএসজির স্ট্রাইকার। ব্রাজিলকে রাশিয়ায় শিরোপা জেতাতে নেইমার সতীর্থদের অনুপ্রাণিত করবেন বিশ্বাস তিনবারের বিশ্ব জয়ীর, ‘নেইমার আমার কাছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এখন সে অনেক বেশি পরিণত। তার অনেক অভিজ্ঞতা। কিন্তু সে একাই জেতাতে পারবে না বিশ্বকাপ। বিশ্বকাপ জিততে হলে দল হতে হবে।’
অতীতের সফল উদাহরণ দিয়ে পেলে বলেছেন, ‘সর্বকালের সেরা ব্রাজিল দল ছিল ১৯৭০ সালের। টোস্টাও, রিভেলিনো, গার্সন ও পেলে সবাই তাদের ক্লাবে ১০ নম্বর জার্সি পরতো। ১৯৭০ সালের বিশ্বকাপে আমরা ছয় মাসেরও বেশি একসঙ্গে সময় কাটিয়েছি। ওটা কাজে দিয়েছে।’ অথচ বিশ্বকাপের আগে এক মাসও ক্যাম্পে একসঙ্গে থাকেননি নেইমাররা।
ভিয়েনায় রবিবার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি তাদের। তারপর ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ। ইএসপিএনএফসি