২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘এফ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া-
যদিও স্বপ্নটা পূরণ করা তাদের জন্য ভীষণ কঠিন। কারণ গ্রুপ পর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। ‘এফ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তাদের সঙ্গে মুখোমুখি হতে হবে কনকাকাফ অঞ্চলের শক্তি মেক্সিকোর। রয়েছে সুইডেন, যারা ইতালিকে বিদায় করে দিয়ে জায়গা করে নিয়েছে ২০১৮ সালের আসরে।
একনজরে:
অধিনায়ক: কি সাং-ইয়েং
কোচ: তায়ে-অং শিন
ডাকনাম: দ্য টিগাক ওয়ারিয়র্স।
র্যাংকিং: ৫৭ (জুন ৭ পর্যন্ত)।
বিশ্বকাপে অংশ নিয়েছে: ৯বার- ১৯৫৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪।
বিশ্বকাপে সেরা সাফল্য: চতুর্থ স্থান- ২০০২।
ফিরে দেখা বাছাই পর্ব:
এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ও চূড়ান্ত রাউন্ডে ১০ ম্যাচে মাত্র চারটিতে জয় পায় দক্ষিণ কোরিয়া। এরপরও ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে রাশিয়ার টিকিট পায় তারা। বাছাইয়ের বাজে পারফরম্যান্সের দুই ম্যাচ আগে চাকরি হারান কোচ উলি স্টিলাইক। শেষ দুই ম্যাচে ড্র করে বিশ্বকাপ নিশ্চিতের পর দলটির খেলোয়াড়রা জানিয়েছিলেন, তারা এর চেয়ে অনেক ভালো ফলের দাবিদার।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ গ্রুপ:
কঠিন গ্রুপে পড়েছে দক্ষিণ কোরিয়া। ‘এফ’ গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে তাদের প্রতিপক্ষ মেক্সিকো ও সুইডেন।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ সূচি:
সুইডেনের বিপক্ষে ম্যাচ গিয়ে বিশ্বকাপ শুরু হবে দক্ষিণ কোরিয়ার। ১৮ জুনের ওই ম্যাচের চার দিন পর নামবে মেক্সিকোর বিপক্ষে। আর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।
১৮ জুন: সুইডেন
২৩ জুন: মেক্সিকো
২৭ জুন: জার্মানি
সন হিয়াং-মিন: টটেনহামের জার্সিতে চমৎকার এক মৌসুম কাটিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছেন সন। নিজের ফুটবল সামর্থ্য দিয়ে ইংলিশ ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছেন নিজেকে। দক্ষিণ কোরিয়ার একমাত্র বিশ্বমানের খেলোয়াড়ের দিকেই নজর থাকবে সবচেয়ে বেশি। কোচ শিনকে নিশ্চিত করতে হবে, যাতে সন নিজের সেরাটা দিতে পারেন।
শক্তি: আক্রমণভাগ।
দুর্বলতা: রক্ষণভাগ।
ভবিষ্যদ্বাণী: গ্রুপ পর্ব।
চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: কিম সিয়াং-গিউ, কিম জিন-হিয়ন, চো হুন-উ; ডিফেন্ডার: কিম ইয়ং-গউন, জাং হিউন-সু, জুং সিয়াং-হিয়ন, ইয়ান অং-সান, ওহ বান-সুক, কিম মিন-উ, পার্ক জু-হো, হং চুল, গো ইয়ো-হান, লি অং; মিডফিল্ডার: কি সাং-ইয়েং, জুং উ-ইয়ং, জু সি-জং, কু চিয়ল, লি জায়ে-সাং, লি সিয়াং-উ, মুন সিয়ন-মিন; ফরোয়ার্ড: কিম শিন-উক, সন হিয়াং-মিন, হাওয়াং হি-চ্যান।