২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘জি’ গ্রুপের তিউনিসিয়া-
এবার দিয়ে পঞ্চমবার নামতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরে। গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি আগের চারবারে, এবারও খুব বেশি সম্ভাবনা নেই তাদের। ‘জি’ গ্রুপে তিউনিসিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড ও বেলজিয়ামের মতো দল। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা পানামার বিপক্ষে উতরে গেলেও ইউরোপের দল দুটির বিপক্ষে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা।
একনজরে:
অধিনায়ক: আয়মেন মাথলোউথি
কোচ: নাবিল মালল
ডাকনাম: দ্য ঈগল অব কার্থেজ
র্যাংকিং: ২১
বিশ্বকাপে অংশ নিয়েছে: চারবার- ১৯৭৮, ১৯৯৮, ২০০২, ২০০৬
বিশ্বকাপে সেরা সাফল্য: গ্রুপ পর্ব
ফিরে দেখা বাছাই পর্ব:
আফ্রিকার অঞ্চলের বাছাইয়ে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছিল তিউনিসিয়া। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল ডিআর কঙ্গে, লিবিয়া ও গিনি। ডিআর কঙ্গোর যা একটু প্রতিদ্বন্দ্বিতা গড়ায় সম্ভাবনা ছিল। যদিও দুর্দান্ত তিউনিসিয়ার বিপক্ষে পেরে ওঠেনি তারা। বাছাইয়ের প্রথম চার ম্যাচে নামের পাশে ১০ পয়েন্ট যোগ করে তিউনিসিয়া। গিনিকে ২-০ গোলে, লিবিয়াকে ১-০ গোলে ও ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে পায় টানা তৃতীয় জয়। চতুর্থ ম্যাচে ফিরতি লেগে কঙ্গোর বিপক্ষে দিতে হয় কঠিন পরীক্ষা। বিশ্বকাপের মূল পর্বটা একরকম তখনই নিশ্চিত হয়ে যায় তাদের। কঙ্গোর মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফেরে তিউনিসিয়া। শেষ পর্যন্ত ১৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায় তারা।
তিউনিসিয়ার বিশ্বকাপ গ্রুপ:
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে তিউনিসিয়া। গ্রুপ পর্বে আফ্রিকার দেশটির প্রতিপক্ষ বেলজিয়াম, ইংল্যান্ড ও পানামা।
তিউনিসিয়ার বিশ্বকাপ সূচি:
১৮ জুন শুরু হবে তিউনিসিয়ার বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের। ২৩ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইউরোপের আরেক শক্তি বেলজিয়াম। আর পাঁচ দিন পর শেষ ম্যাচে নামবে পানামার বিপক্ষে।
১৮ জুন: ইংল্যান্ড
২৩ জুন: বেলজিয়াম
২৮ জুন: পানামা
ওয়াহবি খাজরি: প্লে মেকার ইউসেফ মসাকনির চোটে তার ওপর দায়িত্ব আরও বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগের দল সান্ডারল্যান্ডে খেলায় ১৮ জুন বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড খেলোয়াড়দের সম্পর্কে খুব ভালো জানা আছে খাজরির। প্রিমিয়ার লিগ থেকে ধারে ফরাসি ক্লাবে রেনেতে যোগ দিয়ে রীতিমত সংগ্রাম করলেও এই খেলোয়াড়ের লক্ষ্যভেদেই গত মার্চে কোস্টারিকার বিপক্ষে ১-০ গোলের জয় পায় তিউনিসিয়া। জাতীয় দলের জার্সিতে ৩৭ ম্যাচে ১২ গোল করা খাজরি এখন উইঙ্গার থেকে খেলছেন সেন্ট্রাল ফরোয়ার্ডের ভূমিকায়।
শক্তি: মাঝমাঠ
দুর্বলতা: আক্রমণভাগ
ভবিষ্যদ্বাণী: গ্রুপ পর্ব
চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: ফারুক বিন মুস্তাফা, মোয়েজ হাসেন, আয়মেন মাথলোউথি; ডিফেন্ডার: রামি বেদুই, ইয়োহান বেনালু্য়ান, সিয়াম বিন ইউসেফ, দিলান ব্রুন, উসামা হাদাদি, আলি মালল, ইয়াসিন মেরিয়াহ, হামদি নাগেজ; মিডফিল্ডার: মোহাম্মদ আমিন বিন আমর, গায়লিনি চালালি, আমহেদ খলিল, সাইফিদ্দিনে খাউই, ফারজানি সাসি, এলিয়েস স্কিরি, নাইম স্লিতি; ফরোয়ার্ড: আনিস বদ্রি, ফখরেদ্দিন বিন ইউসেফ, সাবের খলিফা, ওয়াহবি খাজরি, বাশিম সরাফি।