বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে সালাউদ্দিনের স্বপ্ন

কাজী সালাউদ্দিন (ছবি: ফিফা ফাইল)বিশ্বকাপ ফুটবল এলেই হৈ-চৈ পড়ে যায় বিশ্বে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। চারদিকে শুধু ভিনদেশি পতাকা। কিন্তু কোথায় যেন একটা আক্ষেপ। ৩২ দলের একটি হয়ে বাংলাদেশের পতাকাও যদি উড়ত! আফসোস থেকে গেলেও হয়তো স্বপ্ন দেখেন দেশের ১৬ কোটি মানুষ, একদিন ফুটবল বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ। তিনবারের বাফুফে সভাপতি ও কিংবদন্তি খেলোয়াড় কাজী সালাউদ্দিনও স্বপ্ন দেখেন এমনটি।

বিশ্বকাপ বাংলাদেশের জন্য অলীক কল্পনাই বলা চলে। সাফের সাতটি দেশের মধ্যে তলানিতে থেকে যাদের বিদায় নিতে হয়, তাদের জন্য এমন ভাবাটাই বৃথা। তারপরও স্বপ্ন দেখতে তো আপত্তি নেই। সালাউদ্দিন সেটাই জানালেন বাংলা ট্রিবিউনকে, ‘স্বপ্ন তো দেখাই যায়। এটা বাস্তব করতে হলে অনেক কিছু লাগবে। অনেক বড় বিষয়। বললেই তো হয় না। এর জন্য অনেক আয়োজনের ব্যাপার আছে।’

তার মতে কঠিন পথ পাড়ি দিতে হবে স্বপ্ন পূরণে, ‘বিশ্বে ফুটবলের র‌্যাংকিংয়ে আছে ২১১টি দেশ, যার মধ্যে এখন সুযোগ পায় মাত্র ৩২ দেশ। সবাই তো কম বেশি চেষ্টা করে। চীনের মতো বড় দেশও কিন্তু খেলতে পারে না। এবার ইতালিও পারেনি। তবে আশা না করলে তো বাঁচা যায় না। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি।’

কাতার বিশ্বকাপ সামনে রেখে ৬ বছর আগে ভিশন ২০২২ ঘোষণা দিয়েছিলেন সালাউদ্দিন। সেই ভিশনের লক্ষ্যে বাংলাদেশের ফুটবল কতটুকু এগিয়ে যাচ্ছে প্রশ্নে বাফুফে সভাপতি বলেছেন, ‘ভিশন ২০২২ কে সামনে রেখে আমরা ঠিকমতো এগিয়ে যেতে পারছি না। তবে চেষ্টা চলছে। যুব দল কম বেশি ভালো খেলছে। দেখি ২০২২ এর আগে কতটুকু এগোনো যায়।’

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে বলতে গিয়ে পেছনে ফিরে গেলেন সাবেক এই তারকা, ‘এটা আজ থেকে না, স্বাধীনতার পর থেকেই উন্মাদনা দেখে আসছি। তখন থেকেই শুরু হয় এই উৎসবের আমেজ। আমাদের সময়ে মোহামেডান-আবাহনীর পতাকা উড়েছে। দেশ দুই ভাগ হয়ে যেতো। ফুটবলের প্রতি ভালোবাসার আবেগ থেকেই এমনটি হয়ে আসছে।’