২০১৪ বিশ্বকাপের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ব্রাজিল

থিয়াগো সিলভাচার বছর আগের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল স্বাগতিক ব্রাজিল। নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচে ছিলেন না অধিনায়ক থিয়াগো সিলভা। তবে মাঠের বাইরে থেকে ঠিকই পুড়েছেন হতাশার আগুনে। আর সেখান থেকে পাওয়া কঠিন শিক্ষা আরও শক্তিশালী করে তুলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

২০১৪ বিশ্বকাপে জার্মানদের কাছে ওই লজ্জাজনক হারের শিক্ষা এবারের আসরে ব্রাজিলকে অনুপ্রাণিত করবে বিশ্বাস সিলভার। এই ডিফেন্ডার জানান, ওই হারের পর আরও পরিণত হয়ে উঠেছে সেলেকাওরা। তাদের লক্ষ্য আরও একবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ শেষ করা।

সিলভা বলেছেন, ‘প্রত্যেক দিন আপনি নতুন কিছু শিখছেন; পেশাদারিত্ব দিয়ে, ব্যক্তিগতভাবে এবং এমনকি আবেগাক্রান্ত হয়েও। আর আবেগের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কোনও কিছুর ভালো বা খারাপ ঘটে, এটা স্বাভাবিক। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে খুব কমই সরে আসি। কিন্তু ২০১৪ সালে যা ঘটেছে সেটা অনেক বড় শিক্ষা। আমরা আশা করি ব্রাজিল জাতীয় দলে থিয়াগো সিলভার জন্য ২০১৮ সাল হবে ভিন্ন কিছু।’

লক্ষ্য নিয়ে এই ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলেঅ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু সেরা একটি বিশ্বকাপ খেলতে লম্বা পথ পাড়ি দিতে হবে এবং সম্ভাব্য সেরা উপায়ে এটা শেষ করতে হবে ট্রফি হাতে নিয়ে।’ গোল ডটকম