বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইকাতেরিনবার্গ এরেনায় দুইবারের সাবেক চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে মাত্র একবার বিশ্বকাপ খেলা মিশর। ‘এ’ গ্রুপের এই দ্বিতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাগরিক, মাছরাঙা, সনি টেন ১ ও টেন ২।
গত মেতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাঁধে চোট পান সালাহ। এই আচমকা ইনজুরিতে ভেঙে পড়ে মিশরীয়দের হৃদয়। কিন্তু তাদের সুখবর দিলেন কোচ। তার ফিটনেসের ব্যাপারে খুব বেশি শঙ্কায় নেই কুপের। ধরেই নেওয়া যায় উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিরছেন সালাহ।
ইংলিশ প্রিমিয়ার লিগের এই বর্ষসেরা খেলোয়াড়ের ফেরার খবরে কিন্তু ঢাকা পড়ে গেছেন লুই সুয়ারেস। ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে বিতর্কিত কাণ্ড করে তোপের মুখে পড়া উরুগুয়ের এই স্ট্রাইকার পরিত্রাণ পেতে চান। ৮ বছর আগে কোয়ার্টার ফাইনাল জয়ে হাত দিলে গোলমুখের সামনে বল আটকে লাল কার্ড দেখেন তিনি। আর গত আসরে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনিকে কামড় দেওয়া সুয়ারেস এবার বিশ্বকে জানাতে চান কতটা বদলে গেছেন তিনি।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে উরুগুয়ে। ‘এ’ গ্রুপে ফেভারিট হয়ে মাঠে নামছে তারা। কিন্তু ১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া মিশর চমকে দিতে চায় প্রথম ম্যাচেই। এমন চাওয়া খুব বাড়াবাড়ি হবে না, যদি ফেরেন সালাহ। এখন ফারাওদের অপেক্ষা তার ফেরাকে ঘিরেই।
হেড টু হেড: এর আগে শুধু একবার মুখোমুখি হয়েছিল মিশর ও উরুগুয়ে। ২০০৬ সালের আগস্টে আলেক্সান্দ্রিয়ার ওই ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে হারায় মিশরকে। আর বিশ্বকাপে কোনও আফ্রিকান দলের বিপক্ষে উরুগুয়ের রেকর্ড ভালো বলা যায়, একবারও হারেনি তারা তিন (জয় ১, ড্র ২) ম্যাচ খেলে। অবশ্য বিশ্বকাপে মিশরের সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে দক্ষিণ আমেরিকান দলটির। ইএসপিএনএফসি, বিবিসি