রোনালদোর জোড়ায় ২-১ গোলে এগিয়ে পর্তুগাল

প্রথম গোলের পর রোনালদোর উদযাপনক্লাব ফুটবলের ফর্ম নিয়েই বিশ্বকাপ শুরু করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার জোড়া লক্ষ্যভেদে স্পেনের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে পর্তুগাল।

চতুর্থ মিনিটে পেনাল্টি গোলে রোনালদো এগিয়ে নেন বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। তবে ২৪ মিনিটে চমৎকার এক গোলে স্পেনকে সমতায় ফেরান ডিয়েগো কোস্তা। যদিও বিরতিতে যাওয়ার আগমুহূর্তে গোলরক্ষক দাভিদ দে গেয়ার ভুলে আবারও পিছিয়ে পড়ে স্পেন। পর্তুগিজদের দ্বিতীয় গোলটিও আসে রোনালদোর পা থেকে।

ম্যাচ ঘড়ির চতুর্থ মিনিটেই পর্তুগালের গোলোৎসব। রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নরা। পর্তুগিজ অধিনায়ককে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ নাচো নিজেদের সীমানায় বাধা দিতে গিয়ে করে বসেন ফাউল। তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে পাওয়া সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি রোনালদোর। ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে পর্তুগালকে এগিয়ে নেন তিনি।

সমতায় ফিরতে উঠেপড়ে লাগে স্পেন। আক্রমণের পর আক্রমনে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যস্ত রাখে পর্তুগিজ ডিফেন্ডারদের। সুযোগও পেয়ে যায় ২৪ মিনিটে। পর্তুগাল ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ‘লা রোহাদের’ সমতায় ফেরান কোস্তা।

তবে বিরতিতে যাওয়ার আগে আবার পিছিয়ে পড়ে স্পেন। পর্তুগালের হয়ে স্কোরশিটে আবারও নাম তোলেন রোনালদো। এই গোলে রিয়াল মাদ্রিদ তারকার যতটা না অবদান, তার চেয়ে বড় ভুল স্প্যানিশ গোলরক্ষক দে গেয়ার। বক্সের ঠিক বাইরে থেকে রোনালদোর বাঁ পায়ের শট এসেছিল তার সোজাই। কিন্তু নিচু শটটি তিনি গ্রিপ করতে ব্যর্থ হলে বল জড়িয়ে যায় জালে। তাতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরো চ্যাম্পিয়নরা।