দুর্দান্ত ফ্রান্সের সামনে অস্ট্রেলিয়া

ফ্রান্সের অনুশীলনদলে তারকা খেলোয়াড়ের অভাব নেই, বিশ্বকাপে তাই ফেভারিট ভাবা হচ্ছে ফ্রান্সকে। ১৯৯৮ সালের পর আবারও আন্তোয়ান গ্রিয়েজমানদের ঘিরে ফরাসিদের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করছে ফ্রান্স।

কাজানে ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার) বিকেল ৪টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।

নিজেদের ফুটবল ইতিহাসের সেরা বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে ফ্রান্স। সুইডেন-নেদারল্যান্ডসকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাশিয়ার টিকিট নিশ্চিত করে ‘লে ব্লুজ’। যদিও বড় এক ধাক্কাই হজম করেছে তারা ২০১৬ সালের ইউরোতে। ঘরের মাঠের ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ফেভারিট হিসেবে ফাইনালে নামলেও পর্তুগালের বিপক্ষে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

দুই বছর আগের কষ্ট দূর করতে চায় তারা রাশিয়ার টুর্নামেন্ট জিতে। দলে রয়েছে বিশ্বমানের সব খেলোয়াড়। ফ্রান্সের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের শক্তি এতটাই যে, তাদের নিয়েই অবলীলায় আরও একটি শক্তিশালী একাদশ গড়ে তোলা সম্ভব।

তারকার হাটে গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে, পল পগবার সঙ্গে রয়েছেন উসমান দেম্বেলে, অভিয়ের জিরু ও স্যামুয়েল উমতিতির মতো খেলোয়াড়। রক্ষণ যেমন তাদের শক্তিশালী, তেমনি মাঝমাঠও গোছানো। তার সঙ্গে রয়েছেন দুর্দান্ত আক্রমণভাগ। যার নেতৃত্বে থাকবেন গ্রিয়েজমান ও এমবাপে।

দুর্দান্ত ফ্রান্সের সামনে তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। এশিয়া অঞ্চলের বাছাইয়ের কঠিন বাধা পেরিয়ে তারা নামতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞে। যদিও নতুন কোচ বার্ট ফন মারউইকের দল মোটেও ভয় পাচ্ছে না ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের।

অস্ট্রেলিয়ার অনুশীলনতরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া সকারুদের জার্সিতে নজরে থাকবেন টিম কাহিল। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড নামতে যাচ্ছেন চতুর্থ বিশ্বকাপে। আগের তিন আসরে লক্ষ্যভেদ করা কাহিল এবার গোল করলে পেলে, উয়ে সিলার ও মিরোস্লাভ ক্লোসার সঙ্গে চার বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়বেন।